সোশ্যাল মিডিয়া এখন ব্যক্তিজীবনের একটি নিয়মিত অংশ। অনলাইন প্লাটফর্মগুলো মানুষকে একে অন্যের সঙ্গে সংযুক্ত থাকতে ও তথ্য শেয়ার করতে সাহায্য করে।
সোশ্যাল মিডিয়া এখন ব্যক্তিজীবনের একটি নিয়মিত অংশ। অনলাইন প্লাটফর্মগুলো মানুষকে একে অন্যের সঙ্গে সংযুক্ত থাকতে ও তথ্য শেয়ার করতে সাহায্য করে। তবে ভালো অনেক কিছুই কোনো না কোনো অসুবিধা নিয়ে আসে। সোশ্যাল মিডিয়ায়ও সুবিধার পাশাপাশি কিছু ঝুঁকিও রয়েছে, বিশেষ করে প্রতারণাসংশ্লিষ্ট। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মেকইউজঅব সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে কিছু অভ্যাস গড়ে তোলার কথা বলছে, যা সম্ভাব্য বিপদ এড়াতে সাহায্য করবে—
তথ্য শেয়ার সীমিত করা
নিরাপদ থাকার জন্য অনলাইনে ব্যবহারকারী যা শেয়ার করছেন তা সীমিত করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নিজের সম্পর্কে পোস্ট করা মজার, কিন্তু ছোট ছোট তথ্য, যেমন নিজের পোষ্যের নাম বা জন্মদিন প্রতারকদের জন্য সহায়ক হতে পারে। তারা এসব তথ্য ব্যবহার করে পাসওয়ার্ড অনুমান বা প্রতারণা করতে পারে। তাই পাবলিক প্রোফাইলে যতটা সম্ভব ব্যক্তিগত তথ্য শেয়ার না করার পরামর্শ দেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তারা বলছেন, এছাড়া দৈনন্দিন কার্যক্রম শেয়ার করার আগেও চিন্তা করা উচিত। যেমন কেউ যদি অনলাইনে পোস্ট করে বলে তিনি শহরের বাইরে আছেন, তাহলে এটি ইঙ্গিত দিতে পারে যে তার বাড়িটি খালি আছে।
ফ্রেন্ডস রিকোয়েস্ট গ্রহণে সতর্কতা

প্রযুক্তিসংশ্লিষ্টদের মতে, সোশ্যাল মিডিয়ায় ফ্রেন্ডলিস্ট কিংবা ফলোয়িং লিস্টে কারা যুক্ত হচ্ছে, সে বিষয় খেয়াল রাখতে হবে। নিরাপত্তার কথা চিন্তা করে কখনই অপরিচিতদের ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করা উচিত নয়। কারণ প্রতারকরা প্রায়ই ফেক প্রোফাইল তৈরি করে। তাই ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণের আগে সবসময় প্রোফাইলটি যত্নসহকারে পর্যালোচনা করতে কিছু সময় নেয়া উচিত। যদি সেই ব্যক্তির পোস্ট সংখ্যা খুব কম হয়, সন্দেহজনকভাবে কম বন্ধু থাকে বা যদি কিছু অদ্ভুত মনে হয়, তবে প্রোফাইলটি বন্ধু তালিকায় যুক্ত না করাই ভালো।
মেসেজ রিকোয়েস্ট সন্দেহজনক হিসেবে নেয়া
অপরিচিতদের পাঠানো মেসেজ এই রিকোয়েস্ট ফোল্ডারে জমা হয়। এসব মেসেজ সন্দেহজনক হিসেবে নেয়ার জন্য বলছেন প্রযুক্তিবিদরা। তাদের মতে, যদিও কিছু বার্তা প্রকৃত হতে পারে, তবে প্রতারকদের দ্বারা পাঠানো বার্তাই এখানে বেশি থাকে। অনেক সময় এসব মেসেজ শুধু স্প্যাম বা ফিশিংয়ের উদ্দেশ্যে করা হয়। এক্ষেত্রে মেসেজে যদি কিছু অদ্ভুত মনে হয়, যেমন ভুল ব্যাকরণ, অযৌক্তিক প্রতিশ্রুতি বা ব্যক্তিগত তথ্যের জন্য অনুরোধ করলে মেসেজটি রিপোর্ট করে ব্লক দেয়া ভালো।
অপরিচিত উৎস থেকে কখনই লিংকে ক্লিক না করা
আরো একটি গুরুত্বপূর্ণ নিয়ম, যা মেনে চলা উচিত, তা হলো অপরিচিত উৎস থেকে কোনো লিংকে ক্লিক না করা। প্রতারকরা ক্ষতিকর লিংকগুলোকে এমনভাবে তৈরি করতে পারে, যা বাস্তব মনে হবে। যদি কেউ ভুয়া লিংকে ক্লিক করেন, তবে তিনি ফেক ওয়েবসাইটে চলে যেতে পারেন, যা লগইন তথ্য চুরি করতে পারে বা ডিভাইসে ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল করাতে পারে। তাই বিশ্বাসযোগ্য নয়, এমন কারো থেকে পাঠানো কোনো লিংকে ক্লিক করা উচিত নয়। এছাড়া সোশ্যাল মিডিয়ায় সন্দেহজনক যেকোনো কার্যকলাপ রিপোর্ট করতে হবে। এর মধ্যে ফেক অ্যাকাউন্ট, ফিশিং প্রচেষ্টা বা যেকোনো অস্বাভাবিক বিষয়বস্তু রিপোর্ট করা অন্তর্ভুক্ত হতে পারে, বিশেষ করে যেগুলো প্রতারণামূলক মনে হয়। এসব কার্যকলাপ রিপোর্ট করে ব্যক্তি নিজেকে ও অন্যদের সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। আর প্লাটফর্মগুলোও তদন্ত করে হুমকিগুলো অপসারণের জন্য পদক্ষেপ নিতে পারে। এটি অনলাইন সুরক্ষা বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


















