ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১:০৫ অপরাহ্ন

হিলি দিয়ে ৬ দিনে সাড়ে ৩ হাজার টন পেঁয়াজ আমদানি

দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গত ছয়দিনে তিন হাজার ৫৮৭ টন পেঁয়াজ আমদানি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজ আসায় পণ্যটির দাম ইতোমধ্যেই কমতে শুরু করেছে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী গত শুক্রবার (২৫ অক্টোবর) বলেন, হিলি স্থলবন্দর পাইকারি বাজারের আড়তগুলোতে শুক্রবার বিকেলে ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে ১০-১৫ টাকা কমেছে। দেশের বাজার স্বাভাবিক রাখতে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, গত ১৯ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এ বন্দর দিয়ে ভারতীয় ১২৭টি ট্রাকে তিন হাজার ৫৮৭ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। এসব পেঁয়াজ নতুন শুল্ক ২০ শতাংশ দিয়ে আমদানি করা হচ্ছে। তবুও পেঁয়াজের দাম সেভাবে কমছে না। বিষয়টি সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নজরদারি ও মনিটরিং বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তিনি।

গতকাল রাতে হিলি খুচরা বাজার ঘুরে দেখা গেছে, মানভেদে ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে। দুই সপ্তাহ আগে ওই পেঁয়াজ মানভেদে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আর দেশি পেঁয়াজ ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী আরুজুল্লাহ সরকার বলেন, অন্যান্য জায়গার তুলনায় হিলি স্থলবন্দরে কিছুটা হলেও পেঁয়াজের দাম কমে গেছে। আগে যেখানে ৮ থেকে ১০ ট্রাক পেঁয়াজ আমদানি হতো, এখন প্রতিদিন ২২ থেকে ২৭ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। তবে আশা করছি, আর কয়েক দিন পর পেঁয়াজের দাম ৫০ টাকার নিচে নেমে আসবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ