বিশ্বে সবচেয়ে বড় স্মার্টফোন নির্মাতা স্যামসাং ইলেকট্রনিকস আগামী সপ্তাহে তাদের সবচেয়ে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচন করতে যাচ্ছে।
বিশ্বে সবচেয়ে বড় স্মার্টফোন নির্মাতা স্যামসাং ইলেকট্রনিকস আগামী সপ্তাহে তাদের সবচেয়ে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচন করতে যাচ্ছে। এটি গত জুলাইয়ে বাজারে আসা গ্যালাক্সি জেড ফোল্ড সিক্সের একটি বিশেষ সংস্করণ। প্রযুক্তিবিদরা বলছেন, এ পদক্ষেপ স্যামসাংকে বৈশ্বিক ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে শক্তিশালী অবস্থান বজায় রাখতে সাহায্য করবে, যেখানে চীনা প্রতিযোগীরা অগ্রসর হচ্ছে। খবর দ্য কোরিয়া হেরাল্ড।
স্যামসাং বৃহস্পতিবার একটি ভিডিও প্রকাশ করে ঘোষণা করে যে তারা আগামী সোমবার একটি নতুন পণ্য উপস্থাপন করবে এবং বাজারে ডিভাইসটি ২৫ অক্টোবর মুক্তি পাবে। যদিও কোম্পানিটি পণ্য সম্পর্কে বিস্তারিত জানায়নি, তবে ভিডিওতে একটি ইঙ্গিত দেয়া হয়েছে। যেখানে দেখানো হয়, একটি খাম একটি দরজার নিচ দিয়ে সামনে ঠেলে দেয়ার পর ভেতর থেকে একটি মোবাইল ডিভাইস আমন্ত্রণের তারিখ দেখায়। এছাড়া কোম্পানি তাদের কোরিয়ান ওয়েবসাইটে বলেছে, ‘আরেকটি উদ্ভাবনসহ একটি নতুন গ্যালাক্সি’ ২১ অক্টোবর ঘোষণা করা হবে।
বিশ্লেষকরা ধারণা করছেন, নতুন পণ্যটি হতে পারে গ্যালাক্সি জেড ফোল্ড সিক্স এসই, যা স্যামসাংয়ের ভাঁজ করা স্মার্টফোনের বিশেষ ও এখন পর্যন্ত সবচেয়ে পাতলা সংস্করণ হবে। সম্পূর্ণ ভাঁজ করা অবস্থায় এর মাপ হবে ১০ দশমিক ৬ মিলিমিটার ও উন্মোচিত অবস্থায়
৪ দশমিক ৯ মিলিমিটার। এটি মূল গ্যালাক্সি জেড ফোল্ড সিক্সের চেয়ে ১ দশমিক ৫ মিলিমিটার এবং শূন্য দশমিক ৭ মিলিমিটার পাতলা হবে। সেই সঙ্গে এ বিশেষ সংস্করণটি স্যামসাংয়ের সবচেয়ে দামি ফোন হতে চলেছে। নতুন এসই মডেলের দাম প্রায় ২ হাজার ২০০ ডলার (২ লাখ ৬২ হাজার টাকার বেশি) হতে পারে।

এদিকে স্যামসাংয়ের মাত্র তিন মাসের মধ্যে একটি স্মার্টফোন সিরিজের নতুন সংস্করণ প্রকাশ করা অস্বাভাবিক ঘটনা বলে উল্লেখ করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। তাদের মতে, এ সিদ্ধান্ত মূলত কোম্পানির উদ্বেবেগের প্রতিফলন, বিশেষ করে যখন চীনা কোম্পানিগুলো বিশ্ববাজারে নিজেদের প্রতিষ্ঠিত করতে প্রতিযোগিতা করছে। গত জুলাইয়ে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড সিক্স ও গ্যালাক্সি জেড ফ্লিপ সিক্স উন্মোচনের পর কোরিয়ায় প্রি-অর্ডারের সংখ্যা ছিল ৯ লাখ ১০ হাজার ইউনিট, যা প্রত্যাশার তুলনায় কম। যেখানে পূর্ববর্তী সিরিজের প্রি-অর্ডার ছিল ১০ লাখ ইউনিটের বেশি।
২০১৯ সালে স্যামসাং প্রথম ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করার পর প্রথমবারের মতো চলতি বছর প্রথম প্রান্তিকে হুয়াওয়ে বৈশ্বিক ফোল্ডেবল মার্কেটে তাদের ছাড়িয়ে গেছে। বাজার গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চ অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ফোল্ডেবল বাজারে স্যামসাংয়ের হিস্যা ছিল ২৩ শতাংশ, যেখানে হুয়াওয়ের ছিল ৩৫ শতাংশ।


















