নিজস্ব প্রতিবেদক
গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ইবিএল সিকিউরিটিজ এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ছায়েদুর রহমান পদত্যাগ করেছেন। সম্প্রতি তিনি প্রতিষ্ঠানটিতে পদত্যাগ পত্র জমা দেন।
ইবিএল সিকিউরিটিজ সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্রটি জানায়, ছায়েদুর রহমানের স্থলে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন শাহরিয়ার ফাইজ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. নুর আলি বিদেশে থাকায় ছায়েদুর রহমানের পদত্যাগ পত্র এখনো গৃহীত হয়নি।
সিইও ফোরামের সভাপতি ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এর সাবেক প্রেসিডেন্ট ছায়েদুর রহমান বিজনেস আই বাংলাদেশকে বলেন, আমি আর ইবিএল সিকিউরিটিজে জয়েন করবো না। সরকার আমার ব্যাংক হিসাব জব্দ করেছে। যেসব অভিযোগে আমার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। জব্দকৃত ব্যাংক হিসাব খোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

উল্লেখ্য, গত ২০ আগস্ট ছায়েদুর রহমানসহ পাঁচজনের ব্যাংক হিসাব জব্দের খবর গণমাধ্যমে আসে। তার পরের দিনই তিনি পদত্যাগ করেন। কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তাদের ব্যাংক হিসাব জব্দ করে।


















