নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড। এক মাস ধরে কারখানাটির উৎপাদন বন্ধ রয়েছে। পাশাপাশি ৩ মাস ধরে শ্রমিকদের বেতন দিচ্ছে না কারখানাটি। এনিয়ে শ্রমিকদের মনে অসন্তোষ দেখা দিয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সরেজমিন ঘুরে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, দীর্ঘদিন বেতন না পাওয়ায় শ্রমিকরা মানবেতন জীবন যাপন করছেন। পরিবারের খরচ, সন্তানদের লেখাপড়া ঠিকভাবে করাতে পাচ্ছেন না তারা।
এদিকে বেতন দিতে না পারায় গত মাসের (০৮ সেপ্টেম্বর) নোটিশ দিয়ে কারখানাটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কারখানাটি আকস্মিক বন্ধ হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কারখানার সাড়ে পাঁচ হাজারের অধিক কর্মকর্তা-কর্মচারীরা। কারখানাটি আদৌ খুলবে কি খুলবে না, তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, জেনারেশন নেক্সট খোলা ও শ্রমিকদের বেতন পরিশোধসহ যাবতীয় বিষয় নিয়ে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টাস অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এর সাথে আজ বৈঠক করবে কারখানাটির শ্রমিক নেতারা।
শ্রমিকরা জানান, অনেক পরিশ্রম করে কারখানাটিকে আমরা গড়ে তুলেছি। এই কারখানা থেকে আমরা একটা সময় অনেক সুযোগ-সুবিধা পেয়েছি। কোনোভাই চাই না কারখানাটি চিরতরে বন্ধ হয়ে যাক। অত্র এলাকায় এক সময় এই কারখানার অনেক সুনাম ছিলো। কর্তৃপক্ষকে অনুরোধ করবো তারা যেন কারখানা চালু করে। আর এব্যাপারে যত ধরনের সহযোগিতা রয়েছে আমরা তা করবো।

জেনারেশন নেক্সটে ২ গ্রেডে কাজ করা একজন শ্রমিক বিজনেস আই বাংলাদেশকে বলেন, তিন মাস ধরে বেতন পাই না। পরিবারের, সন্তানের পড়াশুনার খরচ ঠিকভাবে চালাতে পাচ্ছি না। কারখানা খুলবে কিনা সেব্যাপারেও কিছু জানায় না কারখানা কর্তৃপক্ষ। খুবই আর্থিক দৈন্যদশার মধ্যে রয়েছেন বলে তিনি জানা।
এদিকে কোম্পানি সচিব মোহাম্মদ শাহজাহানকে এসব ব্যাপারে ফোন দেয়া হলে তিনি হাসপাতালে আছেন বলে জানান।
উল্লেখ্য, আজ জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেডের সর্বশেষ শেয়ার দর ছিলো ৫ টাকা ৪০ পয়সা। এদিন শেয়ারটি ৫ টাকা ২০ পয়সা থেকে ৫ টাকা ৪০ পয়সায় উঠানামা করে এবং ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করে। আজ কোম্পানিটির ৯ লাখ ২৫ হাজার ৫১৭টি শেয়ার ৪১৯ বার হাত বদল হয়েছে। ৪৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। আজ কোম্পানিটির বাজার মূলধন ছিলো ২৫৭ কোটি ৩৮ লাখ টাকা।


















