দুই ক্লাবই অতীতের সেই দাপট হারিয়েছে। তার পরও পুরোনো ঐতিহ্য বিবেচনায় রেখে বলা যায়, প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম মেজর ডার্বি আজ ওল্ড ট্র্যাফোর্ডে। সুপার সানডেতে ইংলিশ ফুটবলের দুই পুরোনো শত্রু ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল মুখোমুখি হচ্ছে।
ইংল্যান্ডের দুই জায়ান্টের লড়াইকে ডাচদের মস্তিষ্কের যুদ্ধও বলা চলে। চলতি মৌসুমে লিভারপুলের দায়িত্ব নেওয়া আর্নে স্লট দুই জয় নিয়ে আসছেন ওল্ড ট্র্যাফোর্ডে। চিরপ্রতিদ্বন্দ্বীদের মাঠে জয় স্লটের ‘হানিমুন পিরিয়ডের’ আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দেবে। তবে ম্যানইউর ডাচ কোচ এরিক টেন হাগ মোটেই স্বস্তিতে নেই। গত ম্যাচে ব্রাইটনের কাছে হারের পর ডাচ এ কোচকে নিয়ে নেতিবাচক আলোচনা শুরু হয়ে গেছে। আজও হেরে গেলে মৌসুমের শুরুতেই টেন হাগের বিদায়ের গুঞ্জন শুরু হয়ে যাবে। গত মৌসুমে লিগের উভয় লেগেই এ দু’দলের লড়াই ড্র হয়েছিল। তবে এফএ কাপে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে রোমাঞ্চকর জয় পেয়েছিল ম্যানইউ।
গুরুত্বপূর্ণ এ ম্যাচে মিডফিল্ডার ম্যাসন মাউন্টকে পাচ্ছে না ম্যানইউ। মাংসপেশির চোটে ছিটকে গেছেন তিনি। মাসখানেক মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। এ ছাড়া স্ট্রাইকার রাসমুস হুয়েলুন্দ, ডিফেন্ডার লুক শ এবং নতুন যোগ দেওয়া ফরাসি তরুণ লেনি ইয়োরোকে পাচ্ছে না তারা। তাই আজ শুরু থেকেই ম্যাথিয়াস ডি লিট ও জসুয়া জিরকিচকে দেখা যেতে পারে।
আলেকজান্দ্রো গারনাচোও ঢুকতে পারেন রেড ডেভিলদের একাদশে। আর মিডফিল্ডার স্কট ম্যাকটোমিনে নাপোলিতে যোগ দিয়েছেন। তাঁর জায়গায় পিএসজি থেকে শুক্রবার দলে টানা ম্যানুয়েল উগার্তে আজ নামতে পারেন। সে তুলনায় লিভারপুলে তেমন বড় চোট নেই।



















