ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

মারা গেলেন ভারতীয় ক্রিকেটের ‘দ্য গ্রেট ওয়াল’

ভারতের সাবেক তারকা ক্রিকেটার ও দলটির কোচ অংশুমান গায়কোয়াড় অনেকদিন ধরেই লড়ছিলেন ক্যানসারের সঙ্গে। তার চিকিৎসার জন্য দেশটির ক্রিকেট বোর্ড বরাদ্দ দিয়েছিল ১ কোটি রুপি। সাবেক সতীর্থের জন্য নিজের পেনশনের টাকাও ছাড় দিতে চেয়েছিলেন কপিল দেব। অন্য সাবেক সতীর্থরাও এগিয়ে এসেছিল সাহায্যের জন্য। কিন্তু সব চেষ্টাকে ব্যর্থ করে নিজ শহরে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অংশুমান।

পেসারদের বিরুদ্ধে তিনি ছিলেন অতিরিক্ত রক্ষণাত্মক। স্রেফ মাটি কামড়ে পড়ে থাকতেন। যে কারণে তাকে বলা হতো ‘দ্য গ্রেট ওয়াল’। ১৯৭৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ভারত জাতীয় দলে খেলেন গায়কোয়াড়। ভারতের হয়ে ৪০ টেস্ট ও ১৫ ওয়ানডে খেলেছেন তিনি। অবসরের পর জাতীয় দলের নির্বাচক এবং পরে কোচের দায়িত্বও পালন করেছেন। ১৯৮৩ সালে পাকিস্তানের বিপক্ষে তার ৪৩৬ বলে ২০১ রানের ইনিংসটি ইতিহাস বিখ্যাত হয়ে আছে। এই ইনিংসটি খেলার পথে মোট ৬৭১ মিনিট ব্যাট করেছিলেন গায়কোয়াড়।

১৯৯৭ থেকে ২০০০ সালের মধ্যে গায়কোয়াড় দুই মেয়াদে ভারতের কোচের পদ সামলেছেন। তার কোচিংয়ে ভারত ২০০০ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলেছিল। সাবেক এই ক্রিকেটারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পুরুষ দলের প্রধান কোচ গৌতম গম্ভীর।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ