দেশের আর্থিক খাতে সন্দেহজনক লেনদেন (এসটিআর) বেড়েই চলছে। এক বছরের ব্যবধানে সন্দেহজনক লেনদেন ৫ হাজার ৫৩৫ বা প্রায় ৬৪ দশমিক ৫৮ শতাংশ বেড়েছে বলে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদন বলছে, ২০২২-২৩ অর্থবছরে সন্দেহজনক লেনদেন ছিল ১৪ হাজার ১০৬টি, যা আগের অর্থবছরে ছিল ৮ হাজার ৫৭১টি। আর গত ২০২০-২১ অর্থবছরে সন্দেহজনক লেনদেনের সংখ্যা ছিল ৫ হাজার ২৮০টি।
মঙ্গলবার অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়। এ সময় বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাসসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


















