ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ১:১১ অপরাহ্ন

শৈত্যপ্রবাহের বিস্তৃতি বৃষ্টি হতে পারে কাল

হাঁড় কাঁপানো শীতের দাপটের মধ্যে প্রকৃতিতে এলো মাঘ। ’মাঘের শীত বাঘের গায়’-লোককথার আক্ষরিক অর্থে না হলেও মাঘ মাসের পয়লা দিনেই হাড়ে হাড়ে টের পেয়েছে মানুষ। গতকাল সোমবার কনকনে শীতের প্রকোপ বাড়লো প্রায় সারাদেশে। হিমেল বাতাস আর শীতে কাবু হয়ে পড়েছে মানুষ। হাড় কাঁপানো ঠাণ্ডার সঙ্গে ছিল কুয়াশার ভারি আবরণ। রাজধানীসহ ৯ জেলায় তিন দিন পর উত্তাপহীন-ধুসর সূর্যের মুখ দেখা গেছে ক্ষণিকের জন্য। তখন শীত সামান্য হ্রাস পেলেও রাত নামতেই আবারো কামড় বসায় শীতের তীব্রতা।

গতকাল দিবানিশি বহু স্থানে ভারী কুয়াশা গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরেছে। মানুষের দুর্বিসহ অবস্থা। নয়দিন সূর্যের দেখা নেই রংপুর অঞ্চলে। উত্তরের অবস্থা বড় সঙ্গীন। অন্তত: ১২ টি জেলার ওপর মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্নআয়ের মানুষ। ক্ষতি হচ্ছে রবিশষ্যের। কষ্ট বেড়েছে শ্রমজীবী মানুষের। ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্তরা ভিড় করছেন হাসপাতালে। সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের পাশাপাশি কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন অনেকে। গতকাল ঠাণ্ডাজনিত কারণে স্ট্রোকে পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রে এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম রেন ঝি (৪০)।

কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত আবহাওয়া চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে,আগামীকাল বুধবার থেকে বৃষ্টি হতে পারে। ১৯ জানুয়ারি পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এসময় ভারি কুয়াশার সাময়িক বিদায় ঘটবে।বৃষ্টির পর শীত নতুন করে জেঁকে বসতে পারে।

আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, আজ ১৬ জানুয়ারিও বৃষ্টি হতে পারে। আজ সন্ধ্যার পর থেকে আগামীকাল ভোরের মধ্যে সুনামগঞ্জ, নেত্রকোনা ও সিলেট জেলার সীমান্তবর্তী মেঘালয় পর্বতের উপরে অল্প বজ্রপাত সহ হালকা মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আগামীকাল ১৭ ই জানুয়ারি বেলা ৩ টার পর থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে ময়মনিসংহ ও সিলেট বিভাগের কোন-কোন জেলার উপরে সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল রাত ১২ টার পর থেকে ভারতের পশ্চিমবঙ্গের মধ্যাঞ্চলের উপরে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়ে ভোর ৪ টা থেকে ১৮ জানুয়ারি সকাল ১০ টার মধ্যে খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে দিয়ে ও সকাল ৮ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে ঢাকা, বরিশাল, ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করা ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশের সম্ভাবনা রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ