দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে একতরফা ও অবৈধ ঘোষণা দিয়ে তা প্রত্যাখ্যান করে একদফা দাবিতে বিএনপির সপ্তম দফার ৪৮ ঘণ্টার অবরোধ পালন করছে বিএনপি এবং জামায়াত। আজ রবিবার (২৬ নভেম্বর) ভোর ৬টায় শুরু হয়ে তা মঙ্গলবার ভোর ৬টায় পর্যন্ত চলবে।
ভোরে শুরু হওয়ার কথা থাকলেও শনিবার রাতে অবরোধ কর্মসূচি সফল করতে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় মশাল বিক্ষোভ মিছিল করেছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।
গত ১৫ নভেম্বর রাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি ঘোষণা করেন, ২৪ সালের জানুয়ারি ৭ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ এই তফসিল ঘোষণাকে স্বাগত জানালেও তা প্রত্যাখ্যান করে বিএনপি জামায়াতে ইসলামীসহ বিরোধী সমমনা জোটগুলো।
২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা হওয়ার পর থেকেই বিএনপি ইতোমধ্যে দুই দফায় ৩ দিনের হরতাল, এবং ষষ্ঠ দফায় ১৩ দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে। কর্মসূচি একই হলেও আলাদাভাবে জামায়াতে ইসলামী পালন করে যাচ্ছে।



















