ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ৭:১৪ পূর্বাহ্ন

থাইল্যান্ডে প্রধানমন্ত্রী প্রার্থী পিটার এমপি পদ স্থগিত

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা পিটা লিমজারোয়েনরাতের পার্লামেন্টের সদস্যপদ স্থগিত করেছে দেশটির সাংবিধানিক আদালত। প্রায় এক দশকের অস্থিতিশীল সেনা সমর্থিত শাসনের পরে পিটার নেতৃত্বের বিপুল জনপ্রিয় প্রগতিশীল বিরোধী দলের জন্য এটি সবশেষ ধাক্কা।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, নির্বাচন কমিশনের দাখিল করা পিটার নির্বাচনে অংশগ্রহণ অযোগ্যতার মামলায় আদালতের চূড়ান্ত রায় প্রকাশ না হওয়া পর্যন্ত আপাতত তার সদস্যপদ স্থগিত থাকবে।

নির্বাচন কমিশনের দায়ের করা অভিযোগের পর আদালতের সিদ্ধান্ত আসে, নির্বাচনে প্রার্থিতা নিবন্ধনের সময় একটি মিডিয়া কোম্পানিতে শেয়ার ছিল পিটার, যা নির্বাচনী নিয়মের লঙ্ঘন।

তবে পিটা নির্বাচনী আইন ভঙ্গের অভিযোগ অস্বীকার করেছেন। এই মামলা আদালতে তোলার জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছেন তিনি।

চলতি বছর ৭ কোটি জনসংখ্যার দেশ থাইল্যান্ডে হওয়া সাধারণ নির্বাচনে জয়ী হয় পিটা লিমজারোয়েনরাতের দল মুভ ফরোয়ার্ড পার্টি। নতুন প্রধানমন্ত্রী বেছে নিতে ১৩ জুলাই দেশটির দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টে ভোট হয়। এতে পিটা প্রধানমন্ত্রী হতে প্রয়োজনীয় ভোট পেতে ব্যর্থ হন। ফলে বুধবার দ্বিতীয় দফা ভোটের মুখোমুখি হওয়ার কথা ছিল তার। তবে এই ভোটের কয়েক ঘণ্টা আগেই পিটার পার্লামেন্টের সদস্যপদ স্থগিত করার খবর দিল আদালত।

থাইল্যান্ডের ফৌজদারি আইন সংশোধন মুভ ফরোয়ার্ড পার্টির প্রধান এজেন্ডা। রাজতন্ত্রকে অবমাননা করা হলে এই আইনে শাস্তির বিধান রয়েছে। পার্লামেন্টের ভোটে পিটার সমর্থন না জেতার মূল কারণ মুভ ফরোয়ার্ড পার্টির এই সংস্কারনীতি।

এদিকে প্রধানমন্ত্রী পদপ্রত্যাশী পিটা লিমজারোয়েনরাত জানান, তিনি সরকার গঠন করতে পারলে রাজনৈতিক সংস্কার বিষয়ে তার দলের যে এজেন্ডা রয়েছে তা নিয়ে অগ্রসর হবেন। এমনকি রাজতন্ত্রের অবমাননার আইনের সংস্কারে দলের যে পরিকল্পনা তা থেকে তিনি পিছু হটবেন না বলেও জানান পিটা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ