ইউক্রেনের সাবেক পাঁচ কমান্ডারকে তুরস্ক থেকে দেশে নিয়ে এসেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সাবেক এ কমান্ডাররা ইউক্রেনের মারিউপোল সেনাশিবিরে কর্মরত ছিলেন। আত্মসমর্পণের পর বন্দি হিসেবে তাদের তুরস্কে পাঠানো হয়েছিল। স্থানীয় সময় শনিবার তাদের দেশে আনা হয়।
ইউক্রেনের সাবেক পাঁচ কমান্ডারের মুক্তির নিন্দা জানিয়েছে রাশিয়া। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, এ ঘটনা গত বছর হওয়া বন্দীবিনিময় চুক্তির লঙ্ঘন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী আজভস্তলের সাবেক কমান্ডারদের তুরস্কে রাখার প্রতিশ্রুতি দিয়েছিল আঙ্কারা। তাদের দেশে পাঠানোর বিষয়ে রাশিয়াকে কিছু জানানো হয়নি।
সাবেক কমান্ডারদের ফিরিয়ে আনার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন,আমরা তুরস্ক আমাদের নায়কদের বাড়ি ফিরিয়ে আনছি।
আগের দিন শুক্রবার তুরস্ক সফরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট। সেদিন ইস্তানবুলে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি।

এদিকে ইউক্রেনে রুশ হামলার ৫০০তম দিনে কৃষ্ণসাগরে ইউক্রেনীয় দ্বীপ স্নেক আইল্যান্ড পরিদর্শন করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর দিনই দ্বীপটির দখল নিয়েছিল রাশিয়া। যদিও পরে ওই দ্বীপ ছেড়ে যান রুশ সেনারা।
গত বছর মারিওপোলের আজভস্তাল ইস্পাত কারখানায় থেকে তিন মাস ধরে তুমুল লড়াই চালিয়ে যান ইউক্রেনের সেনারা। এক পর্যায়ে তারা আত্মসমর্পণ করে রুশ সেনাদের হাতে আটক হয়। গত সেপ্টেম্বরে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী কয়েকজনকে তুরস্কের হাতে তুলে দেয় রাশিয়া। ওই চুক্তি অনুযায়ী, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ওই সেনাদের আঙ্কারায় রাখার কথা বলা হয়।
এ নিয়ে ক্রেমলিনের মুখপাত্র বলেন, সামনে ন্যাটোর সম্মেলন। জোটটির চাপে তুরস্ক এ কাজ করেছে। তবে কীভাবে সেনাদের ফিরিয়ে নিয়ে আসলেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ইউক্রেনের প্রেসিডেন্ট। এ নিয়ে তুরস্ক সরকারের পক্ষ থেকেও কোনো মন্তব্য করা হয়নি। সূত্র: সিএনএন, বিবিসি


















