ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ৮:০০ অপরাহ্ন

বিজেপিবিরোধী ঐক্য গঠনে রাহুল গান্ধী-নীতিশের বৈঠক

আগামী বছরের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানাতে বিজেপিবিরোধী জোট করতে যাচ্ছে কংগ্রেসসহ একাধিক দল। এ লক্ষে বুধবার নয়াদিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে-এর বাসায় বৈঠক করেছেন একাধিক দলের শীর্ষ নেতারা। বৈঠকে ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী ও সংযুক্ত জনতা দলের নেতা নীতিশ কুমার, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে, বিহারের উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব।

বৈঠকের পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, বিরোধী ঐক্য গড়তে আমরা একটি পদক্ষেপ নিয়েছি। কতগুলো দল এতে যুক্ত এ প্রশ্নে তিনি বলেন, এ ঐক্য প্রক্রিয়ায় তারা বিরোধী সব দলের সঙ্গে কাজ করছেন।

নীতিশের সঙ্গে বৈঠককে ‘ঐতিহাসিক পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেন মল্লিকার্জুন খড়্গে। নীতিশও একই কথা জানিয়েছিলেন। এই জোট ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার দল বিজেপির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে জানিয়েছে কংগ্রেস।

কংগ্রেসের একটি সূত্র জানিয়েছে, ২০২৪-কে পাখির চোখ করে মূলত দু’টি সূত্র মেনে বিরোধী ঐক্য গড়তে চাইছেন খড়্গে। প্রথমত, লোকসভা নির্বাচনের আগেই কোনো আনুষ্ঠানিক বিরোধী জোট বা মঞ্চ তৈরির বদলে যত বেশি সম্ভব আসনে বোঝাপড়ার মাধ্যমে বিজেপি বিরোধী ঐক্যবদ্ধ প্রার্থী দেয়া যায়। দ্বিতীয়ত, আনুষ্ঠানিক বিরোধী জোট না ঘোষণা করার ফলে সেই জোটের নেতা বা ‘মুখ’কে হবেন, তা নিয়ে বিতর্ক এড়িয়ে যাওয়া যাবে।

জেপির আইটি সেলের প্রধান অমিত মালবীয় টুইটারে নীতিশ কুমারের একটি ছবি পোস্ট করেন। ওই ছবিতে দেখা যাচ্ছে- রাহুল গান্ধীর দিকে ঝুঁকে কংগ্রেস নেতাকে অভিবাদন জানাচ্ছেন নীতিশ।

ছবিটি দিয়ে বিজেপি নেতা মালবীয় বিদ্রুপ করে লেখেন, ‘এটা ভেবেই অবাক হচ্ছি যে, নীতিশ কুমার আর কার কার সামনে মাথা ঝোঁকাবেন।’ কখনও বিজেপির সঙ্গে, কখনও বা কংগ্রেসের সঙ্গে- নীতিশের বারবার অবস্থান এবং পক্ষ বদল নিয়েই বিজেপি নেতা কটাক্ষ করেছেন বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে বিরোধীদের জোট গঠনকে কৌরবদের চেষ্টার সঙ্গে তুলনা করেছেন বিজেপি নেত্রী খুশবু সুন্দর। তার কথায়, বিরোধীরা ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার এদের দেখে কৌরবদের কথা মনে পড়ে যাচ্ছে। কংগ্রেসও জানে, এই লড়াইয়ে কে জিততে চলেছে।

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বিরোধীদের ‘জোটবন্ধন’কে ‘ঠগবন্ধন’ বলে কটাক্ষ করেছেন।

২০১৫ সালের বিজেপিকে ঠেকাতে বিধানসভা নির্বাচনের পরে, নীতিশের দল জেডিইউ, লালু প্রসাদ যাদবের দল আরজেডি ও কংগ্রেস মিলিয়ে মহাজোট গঠিত হয়। ২০১৭ সালে দুর্নীতির অভিযোগ তুলে আরজেডি-সঙ্গ ছেড়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েন নীতিশ। ২০২১ সালে বিধানসভায় বিজেপির তুলনায় কম আসন পাওয়া সত্ত্বেও নীতিশকে মুখ্যমন্ত্রী করে পুরনো প্রতিশ্রুতি রক্ষা করেছিল বিজেপি। গত বছরের আগস্টে বিজেপির সঙ্গে জোট ভাঙেন নীতিশ। সূত্র: আনন্দবাজার।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ