লাগাতার বিক্ষোভের তোপে পড়ে বিতর্কিত ‘বিদেশি এজেন্টস’ বিল প্রত্যাহার করেছে জর্জিয়ার ক্ষমতাসীন দল। বৃহস্পতিবার বিলটি প্রত্যাহারের ঘোষণা দেয় বলে জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি।
বিলটি পার্লামেন্টে উত্থাপনের পর কয়েকদিন ধরে হাজার হাজার বিক্ষোভকারী তিবিলিসির রাস্তায় নেমে আসে। বিলটি বাতিলের দাবিতে পার্লামেন্ট ভবন ঘেরাও করেন ক্ষুব্ধ মানুষ। অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় পুলিশের গাড়িতে। বিক্ষোভকারীদের সরাতে জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে নিরাপত্তা বাহিনী।
প্রস্তাবিত বিলে বলা হয়, বিদেশ থেকে ২০% এর বেশি তহবিল গ্রহণ করলে বেসরকারি গোষ্ঠী এবং মিডিয়াকে দেশীয় প্রতিষ্ঠানের বদলে আন্তর্জাতিক সংস্থা হিসেবে কাজ করতে হবে অন্যথায় হবে জেল ও জরিমানা।
জর্জিয়ায় ইইউ প্রতিনিধি দল একটি বিবৃতিতে বিলটি প্রত্যাহার করার পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। এছাড়াও রাজনৈতিক নেতাদের ইইউ পন্থী সংস্কার পুনরায় শুরু করতে উৎসাহিত করেছে।



















