পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি নির্মাণাধীন ফ্লাইওভারের পিলার ধসে দুই শ্রমিকের প্রাণহানি ঘটেছে, আহত হয়েছে আরও তিন জন। শনিবার এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদ সংস্থা দ্য ডন।
প্রাথমিক তদন্ত অনুসারে, শুক্রবার দিবাগত রাত দুইটা থেকে তিনটার দিকে কয়েকটি ট্রাক নির্মাণাধীন ফ্লাইওভারের নিচ দিয়ে যাওয়ার সময় পিলারটিকে ধাক্কা দেয়, এতেই এ হতাহতের ঘটনা ঘটে জানিয়েছে কতৃপক্ষ।
এ ঘটনায় পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, নিহত দুই শ্রমিকের মধ্যে এক পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আরেক জন পলিক্লিনিক হাসপাতালে নেয়া হলে সেখানে শেষ নি:শ্বাস ত্যাগ করে।
পৃথক আরেক টুইট বার্তায় ইসলামাবাদের ডেপুটি কমিশনার নওয়াজ মোমেন বলেন, ফ্লাইওভারের পিলার ধসের ঘটনার সাথে সম্পর্কিত সমস্ত দিক পর্যালোচনা করার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেন, ইসলামাবাদের মহাপরিদর্শক (আইজি) ডক্টর আকবর নাসির, প্রধান কমিশনার নুরুল আমিন মঙ্গল সহ পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



















