ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। ২০০৪ সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে পদার্পণ করেন তিনি। এরপর ২০০৬ সালে পরিচালক এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন।
এরপর শাকিব খানের সাথে জুটি বেধে অনেক ব্যবসা সফল সিনেমায় কাজ করেছেন অপু। ব্যক্তিজীবনে চিত্রনায়ক শাকিব খানের সাথে ভালোবেসে ঘর বাঁধলেও কয়েক বছর পর বিচ্ছেদ ঘটে।
সম্প্রতি কলকাতায় একটি সাক্ষাৎকারে ব্যক্তিজীবনের নানা বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি।
দেশের বাইরে গেলে ছেলের দেখাশোনা কে করে—এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, ‘আমি না থাকলে জয় ওর দাদা-দাদি, ফুফু ও বাবার সঙ্গে সময় কাটায়। ওই বাড়িতেই থাকে।’
তিনি আরো বলেন, ‘আমাদের (শাকিব-অপু) কাছে সন্তানের মানসিক স্বাস্থ্যটাই প্রধান্য পায়। জয় জানে, তার বাবা-মা দুজনেই ব্যস্ত। তাই কখনও আমি জয়কে স্কুলে পৌঁছে দিই, শাকিব নিয়ে আসে—এভাবেই চলছে।’

এক সময় শ্বশুরবাড়ির প্রতি নানা অভিযোগ ছিল অপুর। কিন্তু এখন তেমনটি নেই। এ প্রসঙ্গে নায়িকা জানান, ‘আমরা শিল্পীরা খুব আবেগপ্রবণ। অনেক সময় এমন কিছু বলে ফেলি, যা পরে শুধরে নেওয়ার জায়গা থাকে না। আসলে যখন কথাগুলো বলেছিলাম, সে সময় তাদের প্রতি রাগ ছিল। আমি একটু অবসাদের মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমি তাদের কাছে ক্ষমা চাই। আমার শ্বশুর-শাশুড়ি খুব ভালো মানুষ। আমি ভাগ্যবান, তাদেরকে জীবনে পেয়েছি। আমার বাবা-মায়ের ঘাটতি তারাই পূরণ করছেন।’
শাকিব সম্পর্কে অপু বলেন, ‘শাকিব যদি আমার পাশে না থাকত, তাহলে এই অপু বিশ্বাস হতে পারতাম না। সহ-অভিনেতা হিসেবে তিনি আমাকে অভিনয়ের খুঁটিনাটিতে সাহায্য করেছেন। আমার ক্যারিয়ারের ৮০ শতাংশ কৃতিত্ব শাকিবের, বাকিটা আমি অর্জন করেছি। তাই শাকিবের প্রতি সেই সম্মান সারাজীবন থাকবে।’
দীর্ঘ দেড় যুগ ধরে সিনেমায় কাজ করছেন ঢালিউড কুইন। ইতোমধ্যে প্রযোজক হিসেবেও পথচলা শুরু করেছেন। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘অপু-জয় চলচ্চিত্র’-এর ব্যানারে তার প্রথম সিনেমা সরকারি অনুদানপ্রাপ্ত ‘লাল শাড়ি’।


















