ব্রাজিলের উগ্র ডানপন্থি সাবেক প্রেসিডেন্ট জায়ের বোলসনারোর গুরুত্বপূর্ণ মিত্র ও সাবেক আইনমন্ত্রী অ্যান্ডারসন টোরেসকে গ্রেপ্তার করা হয়েছে। দাঙ্গা সৃষ্টি করে গত সপ্তাহে দেশটির নতুন সরকারকে উৎখাত চেষ্টায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন দ্য গার্ডিয়ান। রাজধানী ব্রাসিলিয়াতে ওই দাঙ্গার সময় তিনি ছিলেন ব্রাসেলিয়ার নিরাপত্তা প্রধান। শনিবার সকালে ছুটি কাটিয়ে ফ্লোরিডা থেকে দেশে ফেরার পর বিমানবন্দরেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। গত মঙ্গলবারই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
গত সপ্তাহে দেশটির কংগ্রেস, সুপ্রিম কোর্ট এবং প্রেসিডেন্টের প্রাসাদে সহিংস দাঙ্গা চালায় বোলসনারোর সমর্থকরা। এ সময় কয়েক লাখ ডলারের ক্ষতি করে তারা। ঘটনার সময় ৪৭ বছর বয়সী এই সাবেক আইনমন্ত্রী ছিলেন রাজধানীর নিরাপত্তার দায়িত্বে। দাঙ্গাকারীরা যখন হামলা চালায় তখন তা প্রতিরোধে পুলিশি প্রচেষ্টায় তিনি স্যাবোটাজ করেছিলেন বলে অভিযোগ আছে।
বৃহস্পতিবার ব্রাজিলের নতুন বামপন্থি প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা বলেন, তিনি বিশ্বাস করেন এই দাঙ্গায় নিরাপত্তা রক্ষাকারী বাহিনী এবং প্রেসিডেন্টের স্টাফদের কট্টরপন্থিদের ইন্ধন ছিল।


















