আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও কমপক্ষে ৪০ জন। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে এ হামলার ঘটনা ঘটে। খবর আল জাজিরা।
তালেবান তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ওস্তাদ ফরিদুন বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এ হামলা চালানো হয়। এ সময় পররাষ্ট্র দপ্তরের ভেতরে প্রবেশের চেষ্টা করে হামলাকারীরা। ঢুকতে ব্যর্থ হয়ে ভবনের বাইরেই বোমা বিস্ফোরণ করে তারা। এটি এ বছরে কাবুলে হওয়া দ্বিতীয় বড় হামলা।
মন্ত্রণালয়ের বাইরে অপেক্ষারত গাড়ি চালক জামশেদ করিমি বার্তা সংস্থা এএফপি’কে বলেন, আমার গাড়ির পাশ দিয়ে এক ব্যক্তি কাঁধে রাইফেল নিয়ে হেঁটে গেলেন, এর কয়েক সেকেন্ড মধ্যেই বিকট বিস্ফোরণ হলো।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, দিনের ব্যস্ত একটি সময়ে এ ঘটনা ঘটেছে। ওই এলাকায় অবস্থিত কয়েকটি মন্ত্রলায়ের নিরাপত্তা রক্ষায় বেশ কয়েকটি চেকপয়েন্ট রয়েছে। এরপরও কীভাবে এমন ভয়াবহ ঘটনা ঘটলো, তার তদন্ত শুরু হয়েছে।
এক টেলিগ্রাম বার্তায় এ হামলার দায় স্বীকার করেছে খোরাসান প্রদেশের আইএস’র স্থানীয় শাখা আইএসকে। হামলার সময় ভবনটিতে আফগান কর্মকর্তাদের সাথে এক চীনা প্রতিনিধির সাক্ষাতের কথা ছিল। স্পর্শকাতর ওই এলাকায় তুরস্ক, চীনসহ বেশ কয়েকটি দেশের দূতাবাস রয়েছে। গত বছর তালেবান ক্ষমতা দখলের পর থেকে তৎপরতা বেড়েছে আইএসকের।



















