দেউলিয়া হয়ে যাওয়া ক্রিপটোকারেন্সি এক্সচেঞ্জ এফটিএক্স এর প্রতিষ্ঠাতা স্যাম ব্যাংকম্যান-ফ্রিডকে বাহামা থেকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির এটর্নি জেনারেলের বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি। বাহামা পুলিশ বলছে, তাকে যুক্তরাষ্ট্র এবং বাহামার আইনে আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার বাহামার রাজধানী নাসাউতে এক ম্যাজিস্ট্রেট আদালতে ব্যাংকম্যান-ফ্রিডকে হাজির করা হয়। আদালতে জামিন আবেদন করেন তার আইনজীবী। তবে জামিন আবেদন খারিজ করে দিয়েছেন বিচারক।
গত মাসে এফটিএক্স যুক্তরাষ্ট্রে আবেদন জানিয়েছিল তাদের প্রতিষ্ঠানটি দেউলিয়া ঘোষণার জন্য। এই এক্সচেঞ্জ ব্যবহারকারীরা সেখান থেকে তাদের তহবিল তুলে নিতে পারছিল না। এফটিএক্স দেউলিয়া হয়ে যাওয়ায় বহু বিনিয়োগকারী তাদের শত শত কোটি ডলার খুইয়েছেন বলে ধারণা করা হয়।
গত মাসে আদালতে দায়ের করা কাগজপত্র থেকে দেখা যাচ্ছে, ৫০ টি বড় ঋণদাতা প্রতিষ্ঠানের কাছে এফটিএক্সের দেনার পরিমান তিনশো কোটি ডলারের বেশি।
এফটিএক্স-কে দেউলিয়া ঘোষণার যে প্রক্রিয়া চলছে, সেটি সম্পন্ন হওয়ার পর লোকজন সেখান থেকে তাদের গচ্ছিত অর্থ কতটা ফেরত পাবে তা এখনো পরিস্কার নয়। তবে অনেক বিশেষজ্ঞ হুঁশিয়ারি দিচ্ছেন যে, লোকজন যে পরিমান অর্থ জমা রেখেছে, তার সামান্য অংশই হয়তো তারা ফেরত পাবে।

এফটিএক্স এক্সচেঞ্জের মাধ্যমে মানুষ বিটকয়েনের মতো ক্রিপটোকারেন্সি সাধারণ মূদ্রা দিয়ে কেনা-বেচা করতে পারতো।
একসময় স্যাম ব্যাংকম্যান-ফ্রিডকে তুলনা করা হতো যুক্তরাষ্ট্রের কিংবদন্তী বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের তরুণ সংস্করণ বলে। মাত্র গত অক্টোবর মাসেও ব্যাংকম্যান-ফ্রিডের মোট সম্পদের পরিমাণ ছিল দেড় হাজার কোটি ডলারের বেশি।
একজন রাজনৈতিক তহবিল-দাতা হিসেবে তিনি ওয়াশিংটন-ডিসিতে বেশ সুপরিচিত হয়ে উঠেছিলেন। তিনি মূলত ডেমোক্রেটিক পার্টির রাজনীতিক এবং গোষ্ঠীগুলোকে অর্থ দিতেন। যেসব গোষ্ঠী মহামারি প্রতিরোধ এবং ক্রিপটোকারেন্সীর আইন-কানুন তৈরির জন্য প্রচারণা চালাচ্ছিল, তিনি তাদেরকেও অর্থ যোগাতেন।
বাহামার এটর্নি জেনারেল এক বিবৃতিতে বলেছেন, ব্যাংকম্যান-ফ্রিডকে তাদের দেশের প্রত্যার্পন চুক্তির আওতায় আটক করা হয়েছে।
এদিকে ম্যানহাটানে যুক্তরাষ্ট্রের এটর্নির অফিসের এক টুইট বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র সরকারের অনুরোধে বাহামার কর্তৃপক্ষ স্যামুয়েল ব্যাংকম্যান-ফ্রিডকে গ্রেফতার করেছে।
ওয়াল স্ট্রিটের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারাও বলছেন, তারা ব্যাংকম্যান-ফ্রিডের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
সূত্র: বিবিসি


















