ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে চীনের প্রযুক্তি জায়ান্ট শাওমি বেশকিছু স্মার্টফোন বাজারজাত করেছে। শিগগিরই আরো একটি ডিভাইস আনবে প্রতিষ্ঠানটি। চলতি বছরেই একটি রেগুলার ও একটি প্রো মডেলের ঘোষণা দেয়া হবে বলে ধারণা করা হচ্ছে। গুঞ্জন রয়েছে ডিভাইসটি দেখতে অনেকটা আইফোনের মতো হবে। খবর গিজচায়না।
পিগটোয়ের খবরে শাওমি ১৩-এর নতুন লুক প্রকাশ করা হয়েছে। সেখানে প্রকাশিত ছবি ও ভিডিওতে শাওমি ১৩-এর একটি অ্যালুমিনিয়াম ডামি ফোন দেখা গিয়েছে। ছবির তথ্যানুযায়ী, শাওমির স্মার্টফোনটি চারকোনা প্রান্তসহ বেশ ফ্ল্যাট। এর মধ্য দিয়ে চাইনিজ ম্যানুফ্যাকচারিং জায়ান্টটি শেষ পর্যন্ত রেগুলার গোলাকৃতির ডিজাইন থেকে বেরিয়ে আসবে। তাছাড়া এমন চারকোনা প্রান্তের কারণে একে পুরোপুরি আইফোনের মতোই দেখা যাবে।
শুধু যে চারকোনা প্রান্তের কারণেই যে ডিভাইসটিকে আইফোনের মতো দেখাচ্ছে তা নয়। এর সামনের দিকের ডিজাইনেও বেশ পরিবর্তন আনা হয়েছে। নতুন রিয়ার ক্যামেরা বাম্পের ডিজাইন অনেকটা আইফোনের ক্যামেরা মডিউলের মতোই। যদিও আইফোনের তুলনায় শাওমির ডিভাইসটির বাম্প রিয়ারের অনেকটা জায়গা দখল করে রাখছে।


















