বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। শিরোপা দৌড়ের শেষ ধাপে পৌঁছাতে জিততেই হবে, হারলেই বিদায় বিশ্বকাপ থেকে। এমন সমীকরণে, দু’দলই নিজেদের সেরাটা দিয়েই লড়াইয়ে নামবে, পূর্ণশক্তি দিয়ে আক্রমণ করবে প্রতিপক্ষকে।
সেই শক্তির উৎস হলেন দলের ক্রিকেটাররা। জয় পেতে মরিয়া দু’দলেরই আক্রমণের মূলভাগে থাকবে তারকা ক্রিকেটাররা। যারা মুহূর্তেই ঘুরিয়ে দিতে পারে ম্যাচের মোড়। বদলে দিতে পারে পরিস্থিতি। চলুন দেখা যাক তাদের।
বিরাট কোহলি: যার নাম শোনার পর আর বিশ্লেষণের প্রয়োজন হয় না। সময়ের ও ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। মাঝে কিছুদিন ছন্দহীন থাকলেও ফিরে এসেছে, এবার কাঁপাচ্ছেন টি-টোয়েন্টি বিশ্বকাপও। বিশ্বকাপের সেরা রান সংগ্রাহক তিনি। এই বিশ্বকাপে পাঁচ ম্যাচে ১২৩ গড়ে ২৪৬ রান তার। স্ট্রাইকরেট ১৩৯। পরিসংখ্যানই বলে দেয়, কোহলি আজও ইংল্যান্ডের দুঃস্বপ্ন হয়ে দেখা দিতেই পারে।
জস বাটলার: এবারের আসরে অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের নেতৃত্ব দিচ্ছেন জস বাটলার। তবে অধিনায়কের দায়িত্ব কাঁধে একটু যেন মলিন যাচ্ছে তার ব্যাট। বাটলার কি করতে পারেন, তা ক্রিকেটের খুঁজ যারা রাখেন ভালো করেই জানেন। ম্যাচের গল্প পাল্টে দেয়ার জন্য তার ব্যাটই যথেষ্ট। যদিও বিশ্বকাপে ধারাবাহিক নয় তার ব্যাট, তবে বড়রা তো বড় মঞ্চেই জ্বলে উঠে। সুতরাং ভারতকে সাবধান থাকতেই হবে।
সূর্যকুমার যাদব: বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে রান করেছেন ২২৫, গড় ৭৫। অর্ধশতক তিনটি, স্ট্রাইকরেট ১৯৫ ছুঁই ছুঁই। পরিসংখ্যানই যেন জানিয়ে দেয়, সূর্যকুমার যাদব প্রতিপক্ষের জন্য কতটা ভয়ের কারণ। তার ৩৬০ ডিগ্রি ব্যাটিং সক্ষমতায় গোটা ক্রিকেট বিশ্ব মজে আছে। ছন্দময় ব্যাটিংয়ে সমর্থকদের পাশাপাশি মুগ্ধ করছেন প্রতিপক্ষকেও। তবে আজ আর মুগ্ধ হতে চাইবে না ইংল্যান্ড। আর যদি জ্বলে উঠেন সূর্যকুমার, তবে নাভিশ্বাস উঠে যাবে থ্রি লায়ন্সদের।

এলেক্স হেলস: ভারতের ভয়ের আরেক কারণ হতে পারেন এলেক্স হেলস। বিশ্বকাপে ধারাবাহিক পারফর্ম করছেন এই ইংলিশ ব্যাটার। ইনিংস বড় না হলেও সক্ষমতা আছে বড় ইনিংস খেলে যেকোনো সময় ম্যাচের নিয়ন্ত্রণ নেয়ার। ৩২ গড় আর ১৩৩ স্ট্রাইকরেটে বিশ্বকাপে ব্যাট করা হেলসকে শুরুতেই ফিরিয়ে দিতে চাইবে ভারত।
দেখা যাক কে বা কারা পারেন আজ ম্যাচের নিয়ন্ত্রণ নিজের করে নিতে। নাকি হিসেবের বাইরে থাকা মইন আলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, বেন স্টোকস ম্যাচ ঘুরিয়ে দলকে পৌঁছে দিবেন ফাইনালে। যেখানে অপেক্ষায় আছে পাকিস্তান।


















