কাজাখস্তানের কারাগান্ডা প্রদেশে সম্পদ-সমৃদ্ধ অঞ্চলের শাখটিনস্ক শহরে অবস্থিত একটি কয়লা খনিতে মিথেন গ্যাস বিস্ফোরণে অন্তত পাঁচজন শ্রমিক নিহত এবং আরও চারজন আহত হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা। শাখটিনস্কের গভর্নর জানিয়েছেন, দুর্ঘটনাটি একটি মিথেনের বিস্ফোরণ ফলে হয়েছিল।
কাজাখস্তানের জরুরি মন্ত্রণালয়ের মুখপাত্র রুসলান ইমানকুলভ জানিয়েছেন, আর্সেলর মিত্তালের লেনিন কয়লা খনিতে বৃহস্পতিবার একটি নিষ্কাশন কূপ খননের সময় হঠাৎ গ্যাস নিঃসরণের ফলে পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়াও চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ১০৬ জনকে সরিয়ে নেয়া হয়েছে।
উল্লেখ্য, মিথেন এমন একটি গ্যাস যা নির্দিষ্ট পরিমাণ অক্সিজেনের সাথে মিলিত হলে জ্বলতে পারে।
এক বিবৃতিতে, কাজাখের রাষ্ট্রপতি কাসিম-জোমার্ট টোকায়েভ নিহত শ্রমিকদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
কাজাখস্তান, একটি প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্র এবং মধ্য এশিয়ার নেতৃস্থানীয় অর্থনীতি, তেল, গ্যাস এবং কয়লার পাশাপাশি ইউরেনিয়াম, ম্যাঙ্গানিজ, লোহা এবং ক্রোমিয়ামের উল্লেখযোগ্য মজুদ রয়েছে।

সূত্র : এএফপি, আলজাজিরা

















