ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৯:৫৪ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন রাহুল, ইঙ্গিত খাড়গের

চলতি বছরের শেষের দিকে ভারতের দুই রাজ্য গুজরাট ও হিমাচলে বিধানসভা নির্বাচন। তবে সমস্ত রাজনৈতিক দলের চোখ ২০২৪ সালের লোকসভা নির্বাচনেই। এবার সেই নির্বাচনকে ঘিরেই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন কংগ্রেসের সদ্য নির্বাচিত সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

মঙ্গলবার হায়দরাবাদে একটি জনসভায় তিনি বলেন, রাহুল গান্ধীর নেতৃত্বেই বিজেপি বিরোধী সরকার গঠন করা হবে। খাড়গের এই মন্তব্যের পরই জল্পনা শুরু হয়েছে যে আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন রাহুল গান্ধী।

কংগ্রেসের জনসংযোগ কর্মসূচি ‘ভারত জোড়ো যাত্রা’ পৌঁছেছে তেলঙ্গানায়। রাহুল গান্ধীর নেতৃত্বে এই কর্মসূচিতে মঙ্গলবার হায়দরাবাদে যোগ দেন মল্লিকার্জুন খাড়গে। রাহুল গান্ধীকে জড়িয়ে ধরেন তিনি, খোঁজ নেন তার স্বাস্থ্যের। হায়দরাবাদের জনসভাতেই মল্লিকার্জুন খাড়গে বলেন, দেশকে বিজেপি বিরোধী সরকার দেবে কংগ্রেস। আর সেই সরকারের নেতৃত্ব দেবেন রাহুল গান্ধী।

সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর মতোই বর্তমান সভাপতি মল্লিকার্জুন খাড়গেও তেলঙ্গানার শাসক দল টিআরএসকে আক্রমণ করেন। রাহুল গান্ধী যেমন অভিযোগ করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের, কিন্তু সামনে তারা বিরোধীর অভিনয় করেন।

সেই সূত্র ধরেই মল্লিকার্জুন খাড়গে বলেন, যখনই আমরা সংসদে কোনও বিলের বিরোধিতা করতাম, তখন টিআরএস বিজেপিকেই সমর্থন জানাত। কিন্তু তারা বলেন যে ওনারা নাকি বিজেপি বিরোধী। তিআরও্র বলেন, যদি কেউ সরকার গঠন করতে পারে, তা হল আমরা। রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা কংগ্রেস সরকার গঠন করব।

খাড়গের এই মন্তব্য ঘিরেই নতুন করে তৈরি হয়েছে জল্পনা। এর আগে কংগ্রেস সভাপতি নির্বাচনের সময়েও তিনি রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। সেই সময় তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, ২০২৪ সালে লোকসভা নির্বাচনে কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন, সেই সময় তিনি বলেছিলেন, আগে সভাপতি নির্বাচন মিটতে দিন। তারপর দেখা যাবে।

সূত্র: জি নিউজ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ