ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৫:৪৩ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা

রাজনৈতিক অস্থিরতায় র্জজরিত মালয়েশিয়ায় আগামী ১৯ নভেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির নির্বাচন কমিশন কর্মকর্তারা বৃহস্পতিবার এ কথা জানান। রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে প্রধানমন্ত্রী আগাম নির্বাচনের ডাক দেয়ার পর নির্বাচনের এই তারিখ ঘোষিত হলো।

এর আগে চলতি মাসের প্রথমদিকে দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব তার সরকারের ২০২৩ সালের বাজেট পেশ করার মাত্র তিন দিন পরে, পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দেন। তিনি বলেছিলেন যে তিনি আশা করেছিলেন যে নির্বাচন সাম্প্রতিক বছরগুলিতে দেশকে জর্জরিত করা অস্থিতিশীলতার অবসান ঘটাবে।

এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন চেয়ারম্যান আবদুল গণি সাল্লেহ জানান, নির্বাচনের তারিখ ১৯ নভেম্বর। মনোনয়ন পত্র জমা দেয়ার তারিখ ৫ নভেম্বর এবং প্রচারণার জন্য দুই সপ্তাহের সময় দেয়া হবে। তিনি আরও জানান, দেশের ১৩টি রাজ্যের কয়েকটিতে বিধানসভার নির্বাচনও অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন জানিয়েছেন, নভেম্বরের নির্বাচনটি উল্লেখযোগ্য হবে কারণ এতে ভোট দেয়ার বয়স ১৮-এ নামিয়ে আনার ফলে প্রায় ৬০ লাখ তরুণ ভোটার ভোটার তালিকায় যুক্ত হবে। যার ফলে প্রায় ২ কোটি ১০ লাখ ভোটার ভোট দেয়ার যোগ্য হবে।

উল্লেখ্য, মালয়েশিয়ায় পরবর্তী সাধারণ নির্বাচনের নির্ধারিত সময় ছিল আগামী বছরের সেপ্টেম্বরে। সংসদ ভেঙে দেয়ায় নির্বাচন প্রায় এক বছর এগিয়ে এসেছে।

এদিকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ৯৭ বছর বয়সী মাহাথির মোহাম্মদও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

সূত্র: আলজাজিরা, এএফপি

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ