অ্যাপল ২০১৭ সাল থেকে ৩২ বিটের অ্যাপ সাপোর্ট বন্ধ করেছিল। এখন মনে হচ্ছে অ্যান্ড্রয়েডও সেই পথেই হাঁটছে। সম্প্রতি বাজারে গুগলের পিক্সেল ৭ ও ৭ প্রো ভার্সনের ফোন দুটিকে মনে করা হচ্ছে শুধু ৬৪ বিটের অ্যাপ সাপোর্টেড ফোন।
অ্যাপ নির্মাতা ও প্রযুক্তি বিশ্লেষক এসপারের সিনিয়র টেকনিক্যাল এডিটর মিশাল রহমান টুইটারে জানিয়েছেন, গুগল পিক্সেল ৭ সিরিজের ফোনটি ৬৪ বিটের একমাত্র অ্যান্ড্রয়েড স্মার্টফোন হতে পারে। এছাড়া কয়েকজন ব্যবহারকারী জানিয়েছেন, তাদের নতুন পিক্সেল ফোন নির্দিষ্ট কিছু অ্যাপ সাইডলোড করতে অক্ষম, সম্ভবত ৩২ বিটের অ্যাপগুলো।
অবশ্য পিক্সেল ফোনগুলো শুধু ৬৪ বিটের অ্যান্ড্রয়েড অ্যাপ দ্বারা চলে তাই নয়, বরং ব্যবহারকারীরা ৩২ বিটের অ্যাপ ইনস্টল করার চেষ্টা করলে গুগল ‘অ্যাপটি ইনস্টল হয়নি। কারণ অ্যাপটি আপনার ফোনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়’ বার্তাটি প্রদর্শন করে অ্যাপটি ব্লক করে দেয়।
তবে এ পরিবর্তন তেমন কোনো ঝামেলায় ফেলবে না। কারণ গত এক দশকে গুগল অ্যান্ড্রয়েড ফোনে ৬৪ বিটের অ্যাপ সাপোর্টেড উপযোগী করতে উল্লেখযোগ্য সময় ব্যয় করেছে। গুগল প্লে স্টোরের জন্য আগস্ট ২০১৯ থেকে সব অ্যাপের জন্য ৬৪ বিট সাপোর্টেড থাকার নিয়ম করেছিল। একই সঙ্গে ৬৪ বিট সাপোর্ট করে না এমন ৩২ বিটের অ্যাপগুলোর পরিষেবা বন্ধ করে দিয়েছে।
বর্তমানে শুধু ৩২ বিট সাপোর্টেড অ্যাপ নেই বললেই চলে। ৬৪ বিট অ্যাপে উল্লেখযোগ্য কোনো সুবিধা নেই। তবে ৬৪ বিট অ্যাপগুলো ব্যবহারকারীদের আগের তুলনায় সুরক্ষিত, আরো ভালো পারফরম্যান্স ও গতিশীলতা নিশ্চিত করে।



















