ভিন্ন অভিজ্ঞতা প্রদানে ও ব্যবহারকারীদের আকৃষ্টে ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপ হরাইজন ওয়ার্ল্ডস চালু করলেও সে লক্ষ্য অর্জনে ব্যর্থ মেটা। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ নথির তথ্যানুযায়ী, সাত মাসে প্রতিষ্ঠানটি প্রায় এক লাখ ব্যবহারকারী হারিয়েছে। খবর সিনেট।
দুর্দশার বিষয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম প্রতিবেদন প্রকাশ করে। চলতি বছর শেষ হওয়ার আগেই হরাইজনের নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা পাঁচ লাখে নেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল মেটা। কিন্তু ব্যবহারকারীদের অনাগ্রহ সে লক্ষ্যমাত্রা পূরণের প্রতিবন্ধকতায় পরিণত হয়েছে। অভ্যন্তরীণ নথিপত্র বিশ্লেষণ শেষে প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে হরাইজন ওয়ার্ল্ডস তিন লাখ ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করলেও এরপর আর সে ধারা ধরে রাখতে পারেনি।
হরাইজন ওয়ার্ল্ডসের ভার্চুয়াল দুনিয়ায় গেম খেলা থেকে শুরু করে অ্যাভাটারের মাধ্যমে একে অন্যের সঙ্গে আড্ডা দেয়ার এবং নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ রয়েছে। দ্য ভার্জ জানায়, যুক্তরাষ্ট্র ও কানাডার কোয়েস্ট হেডসেট ব্যবহারকারীদের জন্য অ্যাপটি উন্মুক্ত করার পর প্লাটফর্মটির ব্যবহারকারী সংখ্যা ১০ গুণ বেড়েছিল। মেটার কোয়েস্ট ২ হেডসেট বাজারে আসার পর ব্যবহারকারী আরো বেড়েছিল। তবে জার্নালে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, মেটাভার্স অ্যাপ নিয়ে বর্তমানে মালিকানাধীন প্রতিষ্ঠানকে নতুন করে ভাবতে হচ্ছে।
হরাইজন ওয়ার্ল্ডসে নিজেদের পছন্দানুযায়ী ভার্চুয়াল দুনিয়া তৈরির সুযোগও রয়েছে। ফেব্রুয়ারিতে মেটা জানিয়েছিল, তাদের প্লাটফর্মে ১০ হাজারের বেশি এমন ভার্চুয়াল জগৎ আছে। কিন্তু প্রতিবেদন বলছে, এ জগতের মধ্যে মাত্র ৯ শতাংশ নিয়মিত ৫০ জনের বেশি ব্যবহারকারী পাচ্ছে। আর প্লাটফর্মটি মাস খানেক ব্যবহারের পর বেশির ভাগই আর ফেরত আসছে না।



















