মেক্সিকোর মধ্যাঞ্চলের শহর ইরাপুয়াতোতে শনিবার একটি বারে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ৬ নারীসহ ১২ জন নিহত হয়েছে। এছাড়াও এ হামলা তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ নিয়ে গুয়ানাওয়াতো রাজ্যে এক মাসেরও কম সময়ের মধ্যে দুটি বড় ধরনের বন্দুক হামলার ঘটনা ঘটল, যা অত্যন্ত বিরল।
ইরাপুয়াতোর স্থানীয় সরকার এক বিবৃতিতে বলেছে, নিরাপত্তা কর্মকর্তারা হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা করছেন। তবে এই হামলার চালানোর পেছনের উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।
গুয়ানাওয়াতো রাজ্যে বিশ্বের শীর্ষ অনেক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের বড় বড় সব উৎপাদন কেন্দ্র রয়েছে। রাজ্যটির নিয়ন্ত্রণ নিতে প্রতিদ্বন্দ্বী মাদক কারবারিদের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে রক্তক্ষয়ী লড়াই দেখা যাচ্ছে।
গত ২১ সেপ্টেম্বর এ রাজ্যের তারিমোরো শহরে একটি বারে বন্দুকধারীরা ১০ জনকে গুলি করে হত্যা করে। যা ইরাপুয়াতোর ৯৬ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত।
এদিকে, মেক্সিকো প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর ২০১৮ সালের শেষের দিকে মেক্সিকোতে গ্যাং সহিংসতার রেকর্ড মাত্রা হ্রাস করার প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব গ্রহণ করেছিলেন। যদিও ২০২২ সালে হত্যাকাণ্ড কিছুটা কমেছে, তবে তিনি রক্তপাত নিয়ন্ত্রণে লড়াই করেছেন।

সূত্র: রয়টার্স


















