অরবিট সিরিজের প্রথম স্মার্টফোন বাজারজাত শুরু করেছে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালটন। অরবিট ওয়াইফিফটি নামের ডিভাইসটিতে এইচডিপ্লাস রেজল্যুশনের বিশাল ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা, শক্তিশালী প্রসেসরসহ বেশকিছু ফিচার রয়েছে।
ওয়ালটন মোবাইলের মার্কেটিং ইনচার্জ হাবিবুর রহমান তুহিন জানান, অরবিট সিরিজের স্মার্টফোন গ্রাহকদের প্রযুক্তির নতুন এক দুনিয়ায় বিচরণের অভিজ্ঞতা দেবে।
স্মার্টফোনটিতে ৬ দশমিক ৮২ ইঞ্চির ফুল ল্যামিনেশন এইচডি প্লাস ভি-ড্রপ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যার আসপেক্ট রেশিও ২০:৯। ডিসপ্লের রেজল্যুশন ১৬৪০–৭২০ পিক্সেল। আইপিএস ইনসেল প্রযুক্তির স্মার্টফোনটিতে ধুলা ও আঁচড়রোধী ২.৫ডি কার্ভড গ্লাস রয়েছে।
অরবিট ওয়াইফিফটি স্মার্টফোনে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১২ দেয়া হয়েছে। ডিভাইসে ২.০ গিগাহার্টজ গতির হেলিও এ২২ এআরএম কর্টেক্স প্রসেসর ব্যবহার করা রয়েছে। সঙ্গে পাওয়ারভিআর জিই৮৩০০ গ্রাফিকস ও ৪ গিগাবাইট র্যাম রয়েছে। ফোনটির ইন্টারনাল স্টোরেজ ৬৪ গিগাবাইটের। মাইক্রো এসডি কার্ড ব্যবহারের মাধ্যমে স্টোরেজ ২৫৬ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
স্মার্টফোনটির পেছনে এলইডি ফ্ল্যাশযুক্ত এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ পিডিএএফ প্রযুক্তির অটোফোকাস এআই ট্রিপল ক্যামেরা রয়েছে। যার প্রধান সেন্সরটি ৫পি লেন্স সমৃদ্ধ ১৩ মেগাপিক্সেল। আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। উভয় ক্যামেরায় ফুল এইচডি ভিডিও ধারণ করা যাবে।



















