ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ৮:৫১ পূর্বাহ্ন

নতুন আইফোনে ব্যবহূত হয়েছে কোয়ালকমের স্যাটেলাইট মডেম

আইফোন-১৪ ব্যবহারকারীরা ইন্টারনেট সংযোগ ছাড়াই স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। অ্যাপলের আইফোন ১৪ মডেলের ফোনে কোয়ালকম ব্র্যান্ডের স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ উপযোগী বিশেষভাবে ডিজাইনকৃত চিপ ব্যবহার করা হয়েছে। সম্প্রতি আইফোন ১৪ বিশ্লেষণের পর আইফিক্সইট ও অ্যাপলের বিবৃতিতে এমন তথ্য পাওয়া গিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

গত শুক্রবার অ্যাপল আইফোন ১৪-এর ফিচার প্রকাশ করেছে। নতুন এ ফোনের প্রধান ফিচারগুলোর মধ্যে একটি হলো ওয়াই-ফাই বা সেলুলার ডাটা সংযোগ না থাকলেও স্যাটেলাইটের মাধ্যমে জরুরি বার্তা পাঠানো যায়। এ মাসের শুরুতে অ্যাপল বলেছিল, আগামী নভেম্বরে আইফোন-১৪ মডেলের একটি সফটওয়্যার আপডেট ভার্সন আসবে, যাতে নতুন হার্ডওয়্যার রয়েছে, যা জরুরি বার্তা পরিষেবাকে সম্ভব করে তুলবে। তবে অ্যাপল স্যাটেলাইট নির্দিষ্ট হার্ডওয়্যার সম্পর্কে বিস্তারিত জানায়নি।

আইফোন ও অন্যান্য ভোক্তা ইলেকট্রনিকস পণ্যগুলোর সহজে মেরামতযোগ্যতা যাচাই করতে ক্যালিফোর্নিয়াভিত্তিক ফার্ম আইফিক্সইট শুক্রবার একটি আইফোন-১৪ মডেল বিশ্লেষণ করে জানায়, এতে কোয়ালকমের এক্স ৬৫ মডেম চিপ রয়েছে। মূলত কোয়ালকম চিপ সেলুলার ফোনে ফাইভজি সংযোগ প্রদানের ক্ষেত্রে ব্যবহার করা হলেও এটি গ্লোবালস্টারের স্যাটেলাইটে ব্যবহূত ফ্রিকোয়েন্সি ব্যান্ড এন-৫৩ ব্যবহার করতেও সক্ষম। গ্লোবালস্টার এ মাসের শুরুতে একটি চুক্তির কথা প্রকাশ করেছে, যাতে অ্যাপল তাদের নতুন আইফোনে জরুরি বার্তা আদান-প্রদানের ফিচার যোগ করতে গ্লোবালস্টারের স্যাটেলাইট নেটওয়ার্ক ক্ষমতার ৮৫ শতাংশ পর্যন্ত গ্রহণ করবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ