ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

পিসি বিক্রি ২৩ শতাংশ কমেছে যুক্তরাষ্ট্রে

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে পিসি বিক্রি হয়েছে ১ কোটি ৯৮ লাখ ইউনিট। ভোক্তা চাহিদা কমার কারণে গত বছরের একই প্রান্তিকের তুলনায় পিসি বিক্রি কমেছে ২৩ শতাংশ।

প্রযুক্তিবাজার বিশ্লেষক সংস্থা ক্যানালিসের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত বছর ক্রোমবুকের অভূতপূর্ব বিক্রির পর গত প্রান্তিকে নোটবুক সেগমেন্টে বিক্রি ২৭ শতাংশ কমেছে। ডেস্কটপ বিক্রি সচল থাকলেও গত বছরের তুলনায় ১০ শতাংশ কমেছে। ট্যাবলেট পিসি বিক্রি হয়েছে ১ কোটি ৯ লাখ ইউনিট, গত বছরের চেয়ে যা ৪ শতাংশ কম।

ব্যক্তি খাতে বিক্রি কমলেও বাণিজ্যিক খাতে বিক্রি মোটামুটি চাঙ্গা থাকায় পিসি বিক্রিতে বড় আকারের বিপর্যয় ঘটেনি। দ্বিতীয় প্রান্তিকে ডেস্কটপ ও নোটবুকে ভর করে যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষ পিসি বিক্রেতা কোম্পানি ছিল ডেল।

দ্বিতীয় স্থানে থাকা আরেক মার্কিন পিসি নির্মাতা কোম্পানি এইচপির বিক্রি বছরওয়ারি কমেছে ৪৪ শতাংশ। তৃতীয় স্থানে থাকা চীনা কোম্পানি লেনোভোর বিক্রি কমেছে ২২ শতাংশ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ