ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

সোনিয়া গান্ধীর মায়ের মৃত্যু, মোদির শোক প্রকাশ

ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিক এবং দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর মা পাওলা মাইনো মারা গেছেন। গত শনিবার ইতালিতে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরে গত মঙ্গলবার তার শেষকৃত্য সম্পন্ন হয়।

বুধবার (৩১ আগস্ট) সোনিয়ার দল কংগ্রেসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই এবং সংবাদমাধ্যম এনডিটিভি।

এদিকে সোনিয়া গান্ধীর মায়ের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে দেওয়া এক বার্তায় মোদি বলেন, ‘তার (সোনিয়ার) মা, মিসেস পাওলা মাইনোর মৃত্যুতে সোনিয়া গান্ধীজির প্রতি সমবেদনা। তার আত্মার শান্তি কামনা করি। এই শোকের মুহূর্তে, আমি তার পুরো পরিবারের পাশে আছি।’

সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক টুইটে বলেছেন, ‘গত ২৭ আগস্ট শনিবার ইতালিতে নিজের বাসভবনেই মৃত্যু হয় সোনিয়া গান্ধীর মা পাওলা মাইনোর। গতকাল (মঙ্গলবার) তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।’

কংগ্রেস দলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর মা পাওলা মাইনোর প্রয়াণে কংগ্রেস পরিবার গভীর শোক প্রকাশ করছে। বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকার্ত পরিবারের প্রতি সংহতি প্রকাশ করছে দল।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ