সিরিয়া থেকে এস-থ্রি হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রাইমিয়ার দিকে সরিয়ে নিচ্ছে রাশিয়া। ইসরায়েলের একটি প্রতিষ্ঠানের স্যাটেলাইট ক্যামেরায় এ চিত্র ধরা পড়েছে।
গতকাল সোমবার (২৯ আগস্ট) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দৃশ্যত ইউক্রেনের সাথে চলমান যুদ্ধে নিজ দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের উদ্দেশ্যেই সিরিয়া থেকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি সরিয়ে নিয়েছে মস্কো।
ইমেজস্যাট ইন্টারন্যাশনাল (আইএসআই) গত এপ্রিলে সিরিয়ার মাসিয়াফে এস-৩০০ অ্যান্টি এয়ারক্রাফ্ট ব্যাটারির উপস্থিতি এবং ২৫ আগস্ট টারতুস বন্দরে হার্ডওয়্যার পাঠানোর পর খালি জায়গাটির ছবি তুলেছে। পৃথক ছবিতে ১২ এবং ১৭ আগস্টের মধ্যে সিরিয়ার টারতুস বন্দরে ব্যাটারির উপাদানগুলো দেখা গেছে। ২০ আগস্টের মধ্যে সেগুলো রাশিয়া পৌঁছে যায়।
আইএসআই বলছে, টারতুস থেকে একটি রুশ জাহাজে ব্যাটারির উপাদানগুলো স্থানান্তর করা হয়। পরে জাহাজটি রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দরের উদ্দেশে যাত্রা করে।
রিফিনিটিভ একনের তথ্য বলছে, রুশ জাহাজটি বর্তমানে নভোরোসিস্কে রয়েছে। তুরস্কের দারদানেলেস প্রণালি হয়ে এটি সেখানে পৌঁছেছে। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স


















