সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানাসহ চারজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৯ নভেম্বর) ভোরে রাজধানীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, দেশকে অস্থিতিশীল করার অভিযোগে তাদের আটক করা হয়েছে। সায়লা ফারজানাকে মিরপুর ডিওএইচএস থেকে আটক করা হয়। অন্যদের ধরা হয় মিরপুর ১৫ নম্বরের বিজয় রাকিন সিটি থেকে।
আটকদের মধ্যে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা, তাঁর শ্যালক রেজাউল আলম শাহীন এবং অপর এক শ্যালক। সায়লা ফারজানা বিসিএস ১৭তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা; তিনি বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিবের দায়িত্বও পালন করেছেন।
তাঁর স্বামী সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামকে ইতিমধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর তিনি দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী জানা গেছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৩ আগস্ট সচিবালয়ে গেলে দীর্ঘদিন পদোন্নতিবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষোভের মুখে পড়েন সায়লা ফারজানা। সেদিন তাঁকে কক্ষে আটকে বিক্ষোভ করা হয়; পরে মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিব তাঁকে উদ্ধার করে পুলিশি পাহারায় বাইরে পাঠান। এরপর তিনি আর মন্ত্রণালয়ে যাননি এবং ওই বছরের ৮ সেপ্টেম্বর তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
এদিকে ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মনিরুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় মনিরুল ইসলাম ছাড়াও তাঁর স্ত্রী সায়লা ফারজানা, শ্যালক রেজাউল আলম শাহীন এবং শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পাকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ২৩ কোটি ৩২ লাখ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। এ ছাড়া তাঁদের নামে থাকা ৪০টি ব্যাংক হিসাবে ২০১৩ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৬ এপ্রিল পর্যন্ত মোট ১ হাজার ৪৫ কোটি ২৮ লাখ ৩০ হাজার টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৫২৭ কোটি ৯২ লাখ ৮৮ হাজার টাকা জমা এবং ৫১৭ কোটি ৩৫ লাখ ৪১ হাজার টাকা উত্তোলন করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।