বাণিজ্য গোপনীয়তা চুরি ও সরবরাহকারীদের ওপর চাপ দেওয়ার অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে পাল্টা মামলা করেছে ওপেনএআই। শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোসের ফেডারেল আদালতে এ মামলা করা হয়।
ওপেনএআইয়ের অভিযোগ, অ্যাপল তাদের গোপন তথ্য চুরি করেছে এবং যৌথ সরবরাহকারীদের ওপর চাপ দিয়ে ওপেনএআইয়ের ডিভাইস বাজারে প্রবেশে বাধা দিচ্ছে। মামলায় বলা হয়েছে, অ্যাপল সরবরাহকারীদের ওপেনএআইয়ের প্রকল্প ও সংশ্লিষ্ট কর্মীদের পরিচয় জানাতে বাধ্য করছে।
মামলার নথি অনুযায়ী, অ্যাপলের ব্যবসা হারানোর ভয়ে সরবরাহকারীরা ওপেনএআইয়ের সঙ্গে বৈঠক সরিয়ে নিচ্ছে বা বাতিল করছে। এক সরবরাহকারী ওপেনএআইয়ের উৎপাদন রাতের শিফটে সরিয়ে নিয়েছে, আরেকটি অ্যাপলের হুমকির কারণে পরিকল্পিত কাজ বাতিল করেছে।
ওপেনএআই আরও অভিযোগ করেছে, অ্যাপলের এক সাবেক কর্মী ওপেনএআইয়ে ছয় মাস কাজ করার পর জুনে ফিরে যান। ওই কর্মী নিজের ব্যক্তিগত ফোনে ওপেনএআইয়ের একটি প্রোটোটাইপ সংক্রান্ত কয়েক ডজন নথি পাঠান এবং জুলাইয়ে অ্যাপলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ওপেনএআইয়ের পরিকল্পনা তুলে ধরেন।
এর আগে গত ১০ জুলাই অ্যাপল ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করে। অ্যাপলের অভিযোগ ছিল, ওপেনএআইয়ের দুই সাবেক কর্মী অ্যাপলের গোপন তথ্য নিয়ে গেছেন। ওপেনএআই ওই অভিযোগ অস্বীকার করেছে।
অ্যাপল পাল্টা মামলাকে নিজেদের মামলা থেকে দৃষ্টি সরানোর চেষ্টা বলে মন্তব্য করেছে। অ্যাপল জানিয়েছে, ওপেনএআইকে ইতিমধ্যে তাদের গোপন তথ্য ব্যবহার বন্ধ করতে বলা হয়েছে।
২০২৪ সাল থেকে অ্যাপলের পণ্যে চ্যাটজিপিটি যুক্ত থাকায় দুই প্রতিষ্ঠান অংশীদার ছিল। এখন ওপেনএআই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডিভাইস তৈরির প্রস্তুতি নিচ্ছে, ফলে দুই প্রতিষ্ঠান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে।