দীর্ঘ ১৫ বছর পর আবারও পর্দায় একসঙ্গে দেখা গেল বলিউড তারকা শাহরুখ খান ও কারিনা কাপুর খানকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত আসন্ন সিনেমা ‘কিং’-এর নতুন গান ‘ড্যাডি কুল (কিং ভার্সন)’-এ একসঙ্গে নেচেছেন এই দুই তারকা।
শুক্রবার সন্ধ্যায় গানটি প্রকাশ করা হয়। মেটার ‘হাউস অব ইনস্টাগ্রাম ২০২৬’ অনুষ্ঠানে গানটি উন্মোচন করা হয়েছে, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৭০০-এর বেশি কনটেন্ট নির্মাতা অংশ নেন। বর্তমানে গানটি জি মিউজিক কোম্পানি ও টি-সিরিজের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে।
শাহরুখ ও কারিনাকে সর্বশেষ একসঙ্গে দেখা গিয়েছিল ২০১১ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘রা.ওয়ান’-এ। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন কোনো সিনেমায় একসঙ্গে কাজ করেননি তারা। অবশেষে ‘কিং’ সিনেমার গানের মধ্য দিয়ে পর্দায় ফিরল জনপ্রিয় এই জুটি।
‘ড্যাডি কুল’ মূলত জনপ্রিয় ব্যান্ড বনি এমের বিখ্যাত গানের বলিউড সংস্করণ। নতুন সংস্করণটির সুর ও সংগীতায়োজন করেছেন শচীন-জিগার। এতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও। গানের কথা লিখেছেন কুমার, আর নৃত্য পরিচালনা করেছেন বৈভবী মার্চেন্ট।
গানটি ইনস্টাগ্রামে শেয়ার করে শাহরুখ খান লিখেছেন, ‘বেবোর সঙ্গে আবারও… গানটি পুরোনো ধাঁচের, কিন্তু এখনো কুল!’
গানটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই ‘রা.ওয়ান’-এর ‘চাম্মাক চাল্লো’ গানের স্মৃতি মনে করছেন। তবে কেউ কেউ গানের কোরিওগ্রাফি ও উপস্থাপনায় নতুনত্বের অভাবের কথাও বলেছেন।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত ‘কিং’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমাটিতে শাহরুখ ও কারিনার পাশাপাশি অভিনয় করছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত ও রাঘব জুয়ালসহ আরও অনেকে।
সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা সিনেমাটির।