দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ভ্যাটসহ স্বর্ণের ভরি ২ লাখ টাকার ঘর ছাড়াল।
শনিবার সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করা হয়। সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় এ সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২৬ ও ২৭ নভেম্বর ভরিতে ১ হাজার ৫০ টাকা করে বাড়ানো হয়েছিল। ফলে তিন দিনে ২২ ক্যারেটের স্বর্ণের দাম বেড়েছে সর্বোচ্চ ৪ হাজার ৭২৪ টাকা।
স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৩ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ২১ ক্যারেটের রুপা ২ হাজার ৯১৬ টাকা।
মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে পুরোনো গয়না বদলের ক্ষেত্রে ৯ শতাংশ এবং বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দেওয়ার নিয়ম থাকবে। নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।