সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে দক্ষিণ সুরমা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন তেতলি এলাকায় তাঁর বাসভবনে এ ঘটনা ঘটে।
ভোররাতের দিকে একটি পিকআপে করে এসে দুর্বৃত্তরা বাসার চালে পেট্রলবোমা ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে আগুনের সূত্রপাত হলে বাসার নিরাপত্তাকর্মীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন। ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কেউ হতাহত হননি। হামলার সময় বাসায় পরিবারের সদস্যরা ছিলেন, তবে তাঁদের কোনো ক্ষতি হয়নি।
সিলেট মহানগর পুলিশের মুখপাত্র মো. আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এর আগে গত শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। এক সপ্তাহের ব্যবধানে সিলেটে দুই রাজনৈতিক ব্যক্তির বাসায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল।