মাছ মানেই পুষ্টি—এমনটাই ভাবেন বেশিরভাগ মানুষ। প্রতিদিনের খাবারের তালিকায় রুই, কাতলা, তেলাপিয়ার মতো মাছ থাকেই। কিন্তু কিছু মাছের শরীরে লুকিয়ে থাকতে পারে পরজীবীর লার্ভা। ঠিকমতো রান্না না করে সেই মাছ খেলে পরজীবী মানুষের অন্ত্রে বাসা বাঁধতে পারে।
রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, পাবদা ও ট্যাংরার মতো পরিচিত মাছে ফিতাকৃমি থাকার ঝুঁকি থাকে। এ ছাড়া ট্রাউট, পার্চ, হেরিং ও কডের মতো মাছেও পরজীবী থাকতে পারে। তবে কোনো নির্দিষ্ট প্রজাতির সব মাছেই ফিতাকৃমি থাকে—এমন নয়। মাছের উৎস, পরিবেশ ও সংরক্ষণের পদ্ধতির ওপর ঝুঁকি নির্ভর করে।
মাছের ফিতাকৃমির বৈজ্ঞানিক নাম ডিবোথ্রিওসেফালাস ল্যাটাস। সংক্রমিত মিষ্টি পানির মাছ কাঁচা বা অপর্যাপ্ত রান্না করে খেলে এই পরজীবীর লার্ভা মানুষের শরীরে প্রবেশ করতে পারে। পরে ক্ষুদ্রান্ত্রে পৌঁছে পূর্ণাঙ্গ ফিতাকৃমিতে পরিণত হয়। এটি লম্বায় ৩০ ফুট পর্যন্ত হতে পারে।
অনেক ক্ষেত্রে সংক্রমণের পরেও কোনো উপসর্গ দেখা যায় না। তবে সংক্রমণ বাড়লে পেটব্যথা, পেটে অস্বস্তি, ডায়রিয়া, বমি বমি ভাব, বমি ও ওজন কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এই পরজীবী অন্ত্রে ভিটামিন বি১২-এর শোষণে বাধা সৃষ্টি করতে পারে, ফলে শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতি ও রক্তাল্পতা দেখা দিতে পারে।
সংক্রমণ এড়ানোর সবচেয়ে কার্যকর উপায় হলো মাছ ভালোভাবে রান্না করে খাওয়া। কাঁচা বা আধসিদ্ধ মাছ খাওয়ার অভ্যাস এড়িয়ে চলুন। খাদ্য নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী, রান্নার সময় মাছের ভেতরের তাপমাত্রা অন্তত ৬৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানো জরুরি। ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফিতাকৃমি বেঁচে থাকে না।
মাছ হিমায়িত করেও পরজীবীর লার্ভা নষ্ট করা যায়—মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় টানা সাত দিন সংরক্ষণ করতে হয়। তবে বাড়ির সাধারণ ফ্রিজে সব সময় এই তাপমাত্রা বজায় থাকে না। তাই শুধু ডিপ ফ্রিজে রাখলেই মাছ পরজীবীমুক্ত হয়ে যাবে—এমনটা ধরে নেওয়া ঠিক নয়। শুধু নুন দিয়ে সংরক্ষণ, ধোঁয়ায় শুকানো বা আচার তৈরি করলেও এই পরজীবী মারা যায় না।
তাই মাছ কিনে এনে সঠিকভাবে সংরক্ষণ করুন, আর ভালো করে রান্না করে খান। পেটব্যথা, ডায়রিয়া বা ওজন কমার মতো লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।