গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়ন না হলে জাতীয় ঐক্য ভঙ্গুর হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
জুলাই আন্দোলনের অঙ্গীকার বাস্তবায়ন না করে সংবিধান সংস্কারের পরিবর্তে সংশোধনের উদ্যোগ নেওয়ায় সরকারের সমালোচনা করেন তিনি। তাঁর মতে, জাতীয় ঐকমত্য কমিশনে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে যেসব সিদ্ধান্ত হয়েছে, তা অবশ্যই বাস্তবায়ন করতে হবে।
গণভোটের রায় কোনো ধরনের কালক্ষেপণ ছাড়া কার্যকর করতে হবে উল্লেখ করে তিনি বলেন, অন্যথায় জাতীয় ঐক্য স্থায়ী হবে না। গণভোটের রায় কার্যকর না হলে অতীতের ফ্যাসিবাদী শক্তিগুলো আবার রাজনীতিতে ফিরে আসার সুযোগ খুঁজবে বলেও সতর্ক করেন তিনি।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দলটি অতীতের রাজনীতিতে ফিরে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বর্তমানে আবার দলীয়করণের পথে এগোচ্ছে। শিক্ষাব্যবস্থায় দলীয় প্রভাব প্রতিষ্ঠিত হলে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা অনিশ্চয়তার মুখে পড়বে বলে মন্তব্য করেন তিনি।
সরকারপ্রধানের আহ্বান করা জাতীয় ঐক্যের প্রসঙ্গে তিনি বলেন, গণঅভ্যুত্থানের চেতনার পূর্ণাঙ্গ বাস্তবায়নই হতে পারে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রকৃত ভিত্তি।