যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরানে হামলা চালাতে প্রস্তুত রয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। তিনি বলেন, প্রয়োজনে যেকোনো মুহূর্তে নিজেদের উদ্যোগে পূর্ণ শক্তি নিয়ে ইরানে আঘাত হানতে প্রস্তুত ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেফরিন বলেন, ইরান এখনো ইসরায়েলের অস্তিত্বের জন্য বড় হুমকি। ইসরায়েলকে ধ্বংস করার লক্ষ্য থেকে তেহরান এখনো সরে আসেনি বলে দাবি করেন তিনি। ইরানের কর্মকাণ্ডের ওপর নিবিড় নজর রাখা হচ্ছে বলেও জানান তিনি।
ডেফরিন আরও বলেন, ইসরায়েলের বেসামরিক নাগরিকদের জন্য জারি করা জরুরি নির্দেশনায় কোনো পরিবর্তন আনা হয়নি।
ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনার খবরের মধ্যে এই বক্তব্য এলো। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে খবর প্রকাশিত হয়েছে। অন্যদিকে নিজেদের তেল রপ্তানি বন্ধ করা হলে অঞ্চলের তেল রপ্তানি ব্যাহত করার হুমকি দিয়েছে ইরান। এ অবস্থায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।