দেশের বাজারে নগদ বৈদেশিক মুদ্রা (ডলার) বিক্রির ক্ষেত্রে ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, তফসিলি ব্যাংকগুলো নগদ ডলার বিক্রির সময় নির্ধারিত বিসি বিক্রয় হারের (বিসি সেলিং রেট) চেয়ে বেশি দাম নিতে পারবে না।
বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-২ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। নির্দেশনাটি সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা কেনার ক্ষেত্রে ব্যাংকগুলোকে প্রচলিত হার প্রয়োগ করতে হবে — টিটি ক্লিন রেট, টিটি ডকুমেন্ট রেট ও ওডি সাইট রেটের ভিত্তিতে নগদ মুদ্রা কেনাবেচা করতে হবে। পাশাপাশি অনুমোদিত ডিলার শাখাগুলোকে নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের এ পদক্ষেপ বাজারে স্থিতিশীলতা আনতে এবং গ্রাহক স্বার্থ রক্ষায় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।