যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের প্রয়োগ আবারও আটকে দিলেন দেশটির এক ফেডারেল বিচারক। বুধবার ওয়াশিংটন ডিসির জেলা বিচারক ক্রিস্টোফার কুপার এ বিষয়ে প্রাথমিক নিষেধাজ্ঞা জারি করেন।
গত জুনে দেশটির সুপ্রিম কোর্ট ৬-৩ ভোটে ট্রাম্পের প্রথম প্রচেষ্টা নাকচ করে দিয়েছিল। আদালত জানিয়েছিল, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুরা সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী জন্মসূত্রেই নাগরিক, এমনকি তাদের বাবা-মা অবৈধভাবে বা অস্থায়ী ভিসায় দেশটিতে থাকলেও। ওই রায়ের পর গত আগস্টে ট্রাম্প আবারও নতুন নির্বাহী আদেশ জারি করেন, যাতে আরও কয়েক শ্রেণির শিশুকে নাগরিকত্বের বাইরে রাখার কথা বলা হয়।
নতুন আদেশের লক্ষ্য ছিল বিদেশি সরকার বা আন্তর্জাতিক সংস্থায় কর্মরত কিন্তু কূটনৈতিক সুরক্ষা নেই এমন বাবা-মায়ের সন্তান, বাণিজ্যিকভাবে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে আসা নারীদের সন্তান এবং সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া শিশুরা। এর বিরুদ্ধে গত সেপ্টেম্বরে মামলা করে মানবাধিকার সংগঠনসহ কয়েকটি পক্ষ।
৬৭ পৃষ্ঠার রায়ে বিচারক কুপার বলেন, এ মামলার আইনি দিক একেবারে স্পষ্ট। সুপ্রিম কোর্ট দুবার নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সব শিশুই নাগরিক, কেবল আইনের আওতার বাইরে থাকা অল্পসংখ্যক ব্যতিক্রম ছাড়া। রাষ্ট্রপতি জন্মসূত্রে নাগরিকত্বের ক্ষেত্রে নিজে থেকে নতুন ব্যতিক্রম তৈরি করতে পারেন না বলে মন্তব্য করেন তিনি।
নিষেধাজ্ঞার ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ এবং সামাজিক নিরাপত্তা প্রশাসন ওই আদেশ মামলার আওতায় থাকা কোনো শিশুর ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে না।
এর আগে গত সেপ্টেম্বরে মেরিল্যান্ডের বিচারক ডেবোরা বোর্ডম্যানও একই আদেশের প্রয়োগ আটকে দিয়েছিলেন। ফলে প্রশাসনকে আদেশটি কার্যকর করতে হলে দুটি আদালতের নিষেধাজ্ঞাই বাতিল করতে হবে।
হোয়াইট হাউজের মুখপাত্র লরেন বিস রায়টিকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নিয়োগ দেওয়া এক বিচারকের রায় বলে সমালোচনা করেন। তিনি দাবি করেন, ট্রাম্পের আদেশ সুপ্রিম কোর্টের বিশ্লেষণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের কঠোর অভিবাসন নীতির অন্যতম প্রধান অঙ্গ। ২০২৫ সালে দায়িত্বে ফেরার প্রথম দিনই তিনি এ সংক্রান্ত প্রথম নির্বাহী আদেশে সই করেছিলেন।