উপাচার্য পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আবারো কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে শুরু হওয়া এ শাটডাউনে সব ব্যাচের শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। এর আগে বুধবার (২৫ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সব বর্ষের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শাটডাউনের ঘোষণার পর শিক্ষার্থীরা শহীদ মিনার থেকে মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ করে। বৃহস্পতিবার দুপুর ২টায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে উপাচার্য ইস্যুতে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। একই দিন আইইবি সংবাদ সম্মেলন করবে।
শিক্ষার্থীদের দাবি, উপাচার্য ইস্যু নিয়ে আন্দোলন চলছে দুই মাসের বেশি সময় ধরে। দীর্ঘদিন আন্দোলন চললেও এই বিষয়ে কার্যকর ও স্থায়ী কোনো সমাধান মেলেনি। এ নিয়ে বারবার নানা ধরনের আশ্বাস দেওয়া হলেও আজ পর্যন্ত কোনো ফল মেলেনি।
তাদের দাবি, আন্দোলন শান্তিপূর্ণভাবে চলমান থাকলেও সমাধান না হওয়ায় সাধারণ শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছে। এ কারণে পুনরায় কমপ্লিট শাটডাউনের কর্মসূচি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়। এরপর অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ নিয়েই চুয়েটে অচলাবস্থা তৈরি হয়।
এর আগে প্রথম দফায় ৩৬ দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছিল শিক্ষার্থীরা। পরবর্তীতে গত ২৮ অক্টোবর ক্লাস শুরু হলেও উপাচার্য পুনর্বহালের দাবিতে অনড় থাকে শিক্ষার্থীরা। ক্লাস শুরুর প্রায় এক মাস পর আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে পুনরায় কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হলো।