আমদানি-রপ্তানিসহ আন্তঃসীমান্ত লেনদেনে পণ্য ও সেবার মূল্য যাচাইয়ের জন্য প্রতিটি অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকে আলাদা সেল গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-২ (এফইপিডি-২) এ-সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করে দেশের সব এডি ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠিয়েছে। নতুন এ নির্দেশনা কার্যকর হবে আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে। এর আগেই ব্যাংকগুলোকে সেল গঠন ও প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ করতে বলা হয়েছে।
সার্কুলার অনুযায়ী, আমদানি, রপ্তানি, সেবা এবং অন্যান্য আন্তঃসীমান্ত লেনদেনের মূল্য কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ ও যাচাইয়ের জন্য প্রতিটি এডি ব্যাংককে একটি নির্দিষ্ট সেল বা ইউনিট গঠন করতে হবে। পাশাপাশি অন্তত একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মূল্য যাচাই প্ল্যাটফর্মের গ্রাহক হতে হবে। প্ল্যাটফর্মটি হতে হবে ব্যাংকের সামর্থ্যের মধ্যে এবং তার কার্যক্রমের প্রয়োজন অনুযায়ী উপযোগী।
বাংলাদেশ ব্যাংক বলছে, আন্তঃসীমান্ত লেনদেনে পণ্য ও সেবার প্রতিযোগিতামূলক ও যৌক্তিক মূল্য নিশ্চিত করাই এ নির্দেশনার উদ্দেশ্য।
নতুন এ সার্কুলারে ২০২৬ সালের ১৩ আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলার নম্বর ৩০-এর পার্ট-এ, অনুচ্ছেদ ৭(২)-এর কথা উল্লেখ করা হয়েছে। ওই অনুচ্ছেদে ঋণপত্র (এলসি) খোলা বা আমদানি শুরুর আগে আমদানিযোগ্য পণ্যের আন্তর্জাতিক বাজারমূল্য যাচাইয়ের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল।