আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হয়ে ১ ডিসেম্বর পর্যন্ত টানা তিন দিন ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন।
গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া হবে।
প্রথম দিন ২৯ নভেম্বর ১৯টি, দ্বিতীয় দিন ৩০ নভেম্বর ১৮টি এবং শেষ দিন ১ ডিসেম্বর আরও ১৮টি দলের সঙ্গে মতবিনিময় করবে ইসি। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ৫১টি দলের সঙ্গে সংলাপ হয়েছিল। এবার সেসব দলের পাশাপাশি নতুন করে নিবন্ধন পাওয়া চারটি দলকেও ডাকা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগকে সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে না। দলটির নিবন্ধন স্থগিত রয়েছে। এর বাইরে ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও আমন্ত্রণ জানানো হচ্ছে না। তবে একাদশ ও দ্বাদশ সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে।
ইসি ইতিমধ্যে ইউপি নির্বাচনের পাঁচ ধাপের ভোটের তারিখ প্রকাশ করেছে। প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ১৩ মে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ২৭ মে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। এবারের স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয় প্রতীকে। আগামীকাল বুধবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি।