ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা ঘোষণার পরও থামছে না গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ। বুধবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন কয়েকটি কারখানার শ্রমিকরা। এতে গুরুত্বপূর্ণ দুই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সকাল সাড়ে ৮টার দিকে চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নেন। মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল ছোড়ে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার জানান, গাজীপুরের কয়েকটি স্থানে শ্রমিকদের বিক্ষিপ্ত আন্দোলন চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোথাও বুঝিয়ে, আবার কোথাও শক্তি প্রয়োগ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছেন। পরিস্থিতি বিবেচনায় সকাল ১০টা পর্যন্ত ২০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ৩৫টি কারখানা।
এদিকে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় আজ ২৫টি কারখানা বন্ধ রয়েছে। কয়েকটি কারখানার শ্রমিকরা আজও কর্মবিরতি পালন করছেন।
মঙ্গলবার দিবাগত রাত ২টা পর্যন্ত চলা নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে ভোটাভুটির মাধ্যমে নতুন মজুরি চূড়ান্ত হয়। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। বোর্ড চেয়ারম্যান জানান, নতুন কাঠামোয় গ্রেড-৪-এ ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ১ ডিসেম্বর থেকে এই কাঠামো কার্যকর হওয়ার কথা রয়েছে।
আন্দোলনকারীদের একাংশ বলছেন, বাসাভাড়া, খাবার, চিকিৎসা আর যাতায়াতের খরচ যে হারে বেড়েছে, তাতে ১৭ হাজার টাকায় পরিবার চালানো যাবে না। তাঁদের দাবি ছিল ৩০ হাজার টাকা। তবে শ্রমিকদের আরেকটি অংশ এই সিদ্ধান্ত মেনে নিয়ে কাজে ফিরতে চাইছেন।