চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে অগ্নিকাণ্ডে দগ্ধ শিশু মরিয়ম মারা গেছে। তিন দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
গত রোববার হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের উত্তর বড়কুল গ্রামে আতিক মেম্বারের বাড়িতে আগুন লাগে। তখন ঘরে ঘুমিয়ে ছিল দুই ভাইবোন — দুই বছর বয়সী আনাছ ও সাড়ে তিন বছর বয়সী মরিয়ম। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই মারা যায় আনাছ। শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যাওয়া মরিয়মকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
মরিয়মের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার দাদা আতিক মেম্বার। ঢাকা মেডিকেল থেকে ছাড়পত্র নিয়ে আজ মরদেহ গ্রামে নেওয়া হবে। পারিবারিক কবরস্থানে ছোট ভাই আনাছের পাশেই তাকে দাফন করা হবে।
আগুনে বাড়ির দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস দেন।