তুরস্কে প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিমানবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় দেশটির পশ্চিমাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসকিশেহির থেকে প্রশিক্ষণের জন্য ওড়ার পর এএস-৫৩২ ধরনের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। শহরের কেন্দ্র থেকে প্রায় ১৫ কিলোমিটার পশ্চিমে ইয়োরুকাকচায়ির গ্রামের কাছে এটি ভেঙে পড়ে। এসকিশেহিরে বিমানবাহিনীর প্রথম প্রধান জেট ঘাঁটি রয়েছে।
দুর্ঘটনার কারণ এখনো জানানো হয়নি। ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে।
মাত্র ১২ দিনের ব্যবধানে এটিই তুরস্কের দ্বিতীয় মারাত্মক সামরিক হেলিকপ্টার দুর্ঘটনা। এর আগে ১২ নভেম্বর দেশটির পূর্বাঞ্চলে এস-৭০ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনা নিহত হন। ওই দুর্ঘটনার কারণও এখনো জানা যায়নি।
নিহত সেনাদের প্রতি শোক জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।