আইপিএল ২০২৭-এর নিলামের জন্য নিবন্ধন করেছেন ১২ জন বাংলাদেশি ক্রিকেটার। তবে নিবন্ধিতদের তালিকায় নেই দেশের দুই তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।
নিবন্ধন করা ১২ ক্রিকেটার হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাওহিদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ।
তবে নিবন্ধন করলেই নিলামে খেলার সুযোগ মিলবে কি না, তা এখনও নিশ্চিত নয়। বাংলাদেশি ক্রিকেটারদের আসন্ন আসরে খেলার অনুমতি মিলবে কি না, সে বিষয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো এখনও কোনো স্পষ্ট নির্দেশনা পায়নি।
মোস্তাফিজুর রহমান আইপিএলে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। সবশেষ ২০২৫ আসরে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন। এরপর ২০২৬ আসরের জন্য কলকাতা নাইট রাইডার্স তাঁকে দলে নিলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনায় তাঁকে ছেড়ে দিতে হয়। ২০২৭ আসরের আগে কলকাতা যে ১২ খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে, মোস্তাফিজুর তাঁদেরই একজন।
অন্যদিকে সাকিব আল হাসান নয়টি আইপিএল মৌসুমে দুটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। সবশেষ ২০২১ সালে আইপিএলে খেলেছিলেন তিনি।
প্রাথমিক তালিকায় মোট এক হাজার ২২০ জন খেলোয়াড়ের নাম রয়েছে। আগামী ১ ডিসেম্বরের মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের সংক্ষিপ্ত তালিকা জমা দিলে এ সংখ্যা কমে আসবে। নিলামের প্রায় এক সপ্তাহ আগে চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে।
নিবন্ধিত এক হাজার ২২০ জনের মধ্যে ৯৩৯ জন ভারতীয় ও ২৮১ জন বিদেশি খেলোয়াড়। সব ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে সর্বোচ্চ ৬৬টি স্লট খালি রয়েছে, যার মধ্যে বিদেশিদের জন্য সংরক্ষিত ২৫টি।
আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় আইপিএল ২০২৭-এর নিলাম অনুষ্ঠিত হবে।