মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে এয়ারক্রাফট পাঠানোর দাবিকে ‘উন্মাদনা’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
তিনি বলেছেন, একজন পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে এয়ারক্রাফট চাওয়ার ঘটনা বিশ্বে নজিরবিহীন। এ ধরনের দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।
আমিনুল ইসলাম বলেন, যে মুখপাত্র শেখ হাসিনাকে দেশে ফেরাতে এয়ারক্রাফট চাওয়ার কথা বলেছেন, তার বক্তব্য বাস্তবতাবিবর্জিত। একজন পলাতক আসামির হয়ে অন্য কারও এ ধরনের দাবি তোলার ঘটনা অত্যন্ত বিরল বলেও মন্তব্য করেন তিনি।
বিদেশে অবস্থানরত পলাতক আসামিদের কর্মকাণ্ড প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশের ভূখণ্ডের বাইরে তারা কী করছে, সে বিষয়ে কূটনৈতিক চ্যানেলে অবহিত করা ছাড়া সরাসরি ব্যবস্থা নেওয়ার সুযোগ সীমিত। বিভিন্ন দেশে তাদের তৎপরতার খবর গণমাধ্যমের মাধ্যমে নজরে আসছে বলেও জানান তিনি।
পলাতক নেতাদের কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যরা নিজেদের সন্ত্রাসী, দুষ্কৃতকারী ও খুনি হিসেবে বিশ্বের কাছে তুলে ধরছেন বলে মন্তব্য করেন আমিনুল ইসলাম। এসব আসামিকে দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।
আওয়ামী লীগের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে দলটি যদি সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত হয়, তাহলে বিচারের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ও ট্রাইব্যুনাল বাধ্য হতে পারে।
তিনি জানান, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে একটি অভিযোগ রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে যথাসময়ে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।
এদিকে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্কের শুনানি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। দেশের অন্যান্য টেলিভিশন চ্যানেলও শুনানিটি সম্প্রচার করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের অভিযোগকে অত্যন্ত গুরুতর ও বিরল উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, রাষ্ট্রপক্ষ তার সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে। মৃত্যুদণ্ডের পাশাপাশি সম্পত্তি বাজেয়াপ্তসহ অন্যান্য আনুষঙ্গিক সাজাও চাওয়া হবে বলে জানান তিনি।
এদিন জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক শুনতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হন গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা। তাদের সঙ্গে ছিলেন ‘মায়ের ডাক’-এর সানজিদা ইসলাম তুলি।
তিনি বলেন, এক যুগেরও বেশি সময় ধরে তারা ন্যায়বিচারের দাবিতে লড়াই করছেন। দীর্ঘ অপেক্ষার পর যুক্তিতর্কের শুনানি দেখতে ট্রাইব্যুনালে এসেছেন তারা। সরকারের কাছে তাদের একমাত্র দাবি ন্যায়বিচার।
সানজিদা ইসলাম তুলি আরও বলেন, গুম কমিশনের তথ্য অনুযায়ী ১ হাজার ৮০০-এর বেশি মানুষ গুমের শিকার হয়েছেন। তাদের মধ্যে আড়াই শতাধিক মানুষ এখনও নিখোঁজ। গোপন বন্দিশালায় কীভাবে তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে এবং শেষ পর্যন্ত তাদের কী পরিণতি হয়েছে—প্রতিটি ঘটনার সত্য উদঘাটন ও বিচার চান তারা।